ইরানে সামরিক লক্ষ্যবস্তুর পাশাপাশি এবার বেসামরিক এলাকাতেও হামলা চালাতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার রাতে ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর এবং দ্বীপগুলোতে আরও এক দফা ভয়াবহ বোমাবর্ষণ করে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের অব্যাহত বিমান হামলার মুখে ইরানের দক্ষিণাঞ্চলীয় কৌশলগত ও বেসামরিক অবকাঠামোগুলো কয়েক দফা ভয়াবহ বোমাবর্ষণের শিকার হয়। হরমুজ প্রণালির ওপর নজরদারির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর সিরিক-এ নতুন করে মার্কিন বিমান হামলা চালানো হয়েছে। একই সময়ে বুশেহর শহরেও একই ধরনের বিমান হামলার খবর পাওয়া গেছে।
এছাড়া খামির বন্দরের কাছাকাছি দুটি সেতুতে মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানানো হয়েছে, সেতুতে চালানো এই হামলায় ২ জন নিহত এবং ৪ জন আহত হয়েছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইরানের দক্ষিণাঞ্চলের উপকূলীয় শহর ও দ্বীপ হিসেবে পরিচিত আহভাজ, কশেম, বুশেহর, দশ্তি, বোস্তান, সিরিক এবং বন্দর-এ লেঙ্গেহ এলাকায় একের পর এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। মার্কিন হামলায় এই অঞ্চলের সাধারণ ও কৌশলগত অবকাঠামোর ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। এর বাইরে বন্দর-এ খামির শহরের কাছাকাছি গুরুত্বপূর্ণ দুটি সেতুতে সরাসরি আঘাত হেনেছে মার্কিন ক্ষেপণাস্ত্র। প্রতিরক্ষা ও যোগাযোগ ব্যবস্থার ওপর আঘাত হানার পাশাপাশি প্রধান বন্দর নগরী বন্দর আব্বাসের ‘তাপেহ আল্লাহ আকবর’ নামক একটি আবাসিক এলাকাকে লক্ষ্য করে বোমাবর্ষণ করা হয়েছে। স্থানীয় সূত্র নিশ্চিত করেছে, এই আবাসিক এলাকায় বোমাবর্ষণের ফলে ১ জন নিহত এবং ৮ জন আহত হয়েছেন।
এর পাশাপাশি বন্দর আব্বাসের নিকটবর্তী রেলওয়ে অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে হামলা চালানো হয়েছে, যাতে আরও ২ জন আহত হন। হরমোজগান প্রদেশের গুরুত্বপূর্ণ সড়ক ও রেলপথের যোগাযোগ নেটওয়ার্কেও হামলা চালায় যুক্তরাষ্ট্র। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর ইরানশহরের বিমানবন্দরটিতেও মার্কিন ফাইটার জেট থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, যার ফলে বিমানবন্দরের স্থাপনাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। একই সঙ্গে পুরো এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে।
