বুলাওয়েতে সিরিজ বাঁচানোর লড়াই হৃদয়দের

বুলাওয়েতে সিরিজ বাঁচানোর লড়াই হৃদয়দের

ফন্ট সাইজ:

জিম্বাবুয়ের মাটিতে সিরিজ বাঁচাতে আজ দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ দল। টেস্ট এবং ওয়ানডে সিরিজে টানা হারের পর চলমান ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে সফরকারীরা। বুধবার প্রথম ম্যাচে ৩২ রানে হার দেখে বাংলাদেশ। দলের প্রধান সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন ক্ষুব্ধ কণ্ঠে ব্যাটারদের তীব্র সমালোচনা করে বলেন, ‘আমরা নিয়মিত একই ভুল করে যাচ্ছি। এর মানে, আমরা ভুল করেও শিক্ষা নিচ্ছি না। আমাদের দ্রুত মানিয়ে নিতেই হবে।’

বুলাওয়ের ব্যাটিং-বান্ধব উইকেটে কন্ডিশনের দোহাই দিয়ে ব্যাটারদের আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ নেই। দীর্ঘ সময় ধরে স্থানীয় কন্ডিশনে অনুশীলনের সুযোগ পাওয়ার পরেও ব্যাটারদের ব্যর্থতায় হতাশ টিম ম্যানেজমেন্ট। সালাউদ্দিন এ বিষয়ে বলেন, ‘আমরা ২০-২৫ দিন এখানে আছি। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া জরুরি। যদি এখনও বলা হয় আমরা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারছি না, তাহলে সেটা মোটেও ভালো লক্ষণ নয়। ব্যাটারদের যত দ্রুত সম্ভব এই কন্ডিশনে অভ্যস্ত হতে হবে।’ স্বাগতিক দলের পেস আক্রমণ সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে সফরকারী ব্যাটাররা। বিশেষ করে রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানি টাইগারদের জন্য সাক্ষাৎ আতঙ্ক হয়ে দাঁড়িয়েছেন। সালাউদ্দিন প্রতিপক্ষের দুই পেসারের অতিরিক্ত বাউন্স ও গতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘জিম্বাবুয়ের এই দুই বোলারের উচ্চতা অনেক বেশি। তাই যেকোনো উইকেট থেকেই তারা অতিরিক্ত বাউন্স আদায় করতে পারে। পরের ম্যাচের আগে আমাদের মূল চিন্তার জায়গা হওয়া উচিত, কীভাবে এই দুজনকে সামলানো যায়। কারণ, প্রথম ম্যাচে ওরাই ৮টি উইকেট নিয়েছে।’

পরিসংখ্যান বলছে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে ৪টি জয়, ২টি ড্র এবং ১টি হারে বাংলাদেশ এগিয়ে থাকলেও স্বাগতিকদের মাটিতে রেকর্ড মজবুত নয়। সেখানে খেলা ৩টি সিরিজের মধ্যে টাইগাররা ১টিতে ২-১ ব্যবধানে জিতেছে, ১টিতে ২-১ ব্যবধানে হেরেছে এবং বাকি সিরিজটি ১-১ ব্যবধানে ড্র হয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেটে খেলা সর্বমোট ৫৪টিরও বেশি দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজের মধ্যে টাইগাররা মাত্র ১৮টি সিরিজে জিতেছে, ৩০টিতে হেরেছে এবং ৬টি ড্র করেছে। এ সিরিজে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে টাইগার কোচ বলেন, ‘আমরা প্রতিটি ম্যাচই জেতার জন্য মাঠে নামি। তবে আমাদের ব্যাটারদের নির্দিষ্ট কয়েকজন বোলারের বিপক্ষে আরও কৌশলী হতে হবে। তাহলেই আমরা ভালো করতে পারবো।’


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন