নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে পড়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি মো. সাদিক নিখোঁজ হয়েছেন। ফায়ার স্টেশনের একটি স্পিডবোটের রক্ষণাবেক্ষণ কাজ চলাকালে বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, আজ সকাল ১১টা ২০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল, বিআইডব্লিউটিএ, বাংলাদেশ নেভি ও বাংলাদেশ কোস্ট গার্ডের ডুবুরি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, নিখোঁজ ডুবুরি মো. সাদিককে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, মো. সাদিকের জন্ম ২০০১ সালের ১০ অক্টোবর রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার কুমরাকান্দি গ্রামে। তার পিতার নাম আশরাফ শেখ এবং মাতার নাম লিলি বেগম। তিনি বিবাহিত।
২০২১ সালের ২৪ অক্টোবর বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে যোগদান করেন। কর্মজীবনে তিনি নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনে ডুবুরি হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং বিভিন্ন উদ্ধার অভিযানে নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। সাহসী কার্যক্রমের জন্য তিনি রাষ্ট্রীয় পদক পেয়েছেন।
ফায়ার সার্ভিস জানিয়েছে, নিখোঁজ ডুবুরিকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সব সংস্থা ঘটনাস্থলে সমন্বিতভাবে কাজ চালিয়ে যাবে।
