রথযাত্রা ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা র‌্যাবের

রথযাত্রা ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা র‌্যাবের

ফন্ট সাইজ:

সনাতন ধর্মালম্বীদের ধর্মীয় উৎসব ‘রথযাত্রা’, এবং ‘২৪ জুলাই উল্টো রথযাত্রা’ ঢাকাসহ দেশব্যাপী অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে কোনো উগ্রবাদী গোষ্ঠী, নিষিদ্ধ ঘোষিত সংগঠন এবং রাষ্ট্র ও সরকার বিরোধী মহল যাতে কোনো প্রকার অপ্রাীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে লক্ষ্যে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র‌্যাবও নিরাপত্তার দায়িত্ব পালন করবে। বৃহস্পতিবার র‌্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সার্বিকভাবে সব ধরণের ঝুঁকি পর্যালোচনা করে অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় সাধনের মাধ্যমে র‌্যাবও ‘রথযাত্রা’ এবং ‘উল্টো রথযাত্রায়’ নিরাপত্তা জোরদার করেছে। ইতোমধ্যে অনুষ্ঠানের নিরাপত্তা সংক্রান্ত জারীকৃত সকল প্রকার আইন-শৃঙ্খলা বিষয়ক নির্দেশনা বাস্তবায়নে র‌্যাব ফোর্সেস কাজ করছে।

১৬ জুলাই ‘রথযাত্রা’ এবং ২৪ জুলাই ‘উল্টো রথযাত্রা’ এর উদযাপনে নিরাপত্তা নিশ্চিতকল্পে র‌্যাব ফোর্সেস কার্যক্রম পরিচালনা করবে। প্রত্যেক ব্যাটালিয়ন কর্তৃক নিরাপত্তা হুমকি পর্যালোচনাপূর্বক নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ‘রথযাত্রা’ উপলক্ষ্যে গোয়েন্দা কার্যক্রম জোরদার এবং আগাম তথ্য সংগ্রহের জন্য এলাকা ভিত্তিক কনট্যাক্ট/ইনফরমার অথবা সোর্স নিয়োগের মাধ্যমে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এছাড়া রথযাত্রা এবং উল্টো রথযাত্রার ডানে-বামে, সামনে-পিছনে পর্যাপ্ত সংখ্যক ফোর্স মোতায়েন করা হবে এবং নিরাপত্তা ঝুঁকি পর্যালোচনাপূর্বক ‘রথযাত্রা’ ও ‘উল্টো রথযাত্রার’ নিরাপত্তায় পূর্ব হতেই স্কেলিটন ফোর্স মোতায়েন করা হয়েছে। ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে প্রত্যাবর্তন কর্মসূচির রুটসমূহে সাদা পোশাকে গোয়েন্দা দল নিয়োগের মাধ্যমে নিরাপত্তা জোরদার এবং সন্দেহভাজন ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যক্তিবর্গের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

আরও বলা হয়, ২৪ জুলাই ‘উল্টো রথযাত্রার’ সময় এবং জুম্মার নামাজসহ অন্যান্য নামাজের সময় বিশৃঙ্খলা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। ১৬ জুলাই ‘রথযাত্রা’ এবং ২৪ জুলাই ‘উল্টো রথযাত্রা’ এর সময় যেকোন জরুরি অবস্থা মোকাবেলায় রিজার্ভ ফোর্স সার্বক্ষণিকভাবে প্রস্তুত রাখা হয়েছে। ‘রথযাত্রা’ ও ‘উল্টো রথযাত্রাকে’ কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রাদায়িক সম্প্রীতি বিঘ্নকারী তথ্য, গুজব, অপপ্রচার, বিভ্রান্তিকর ও উস্কানিমূলক পোষ্ট, মন্তব্য বা ছবি আপলোড ইত্যাদি চিহ্নিত করার লক্ষ্যে চলমান সাইবার পেট্রোলিং বিশেষভাবে জোরদার করা হবে এবং তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ১৬ জুলাই ‘রথযাত্রা’ এবং ২৪ জুলাই ‘উল্টো রথযাত্রা’ উপলক্ষে সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করা, অপরাধ চিহ্নিত ও প্রতিরোধ করা এবং অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসতে র‌্যাব ফোর্সেস বদ্ধ পরিকর বলে জানানো হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন