রাজধানীর উত্তরায় ট্রাকের ধাক্কায় পথচারী নিহত

রাজধানীর উত্তরায় ট্রাকের ধাক্কায় পথচারী নিহত

ফন্ট সাইজ:

রাজধানীর উত্তরার জসীমউদ্দীন রোডের ইউ-টার্ন মোড়ে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় মো. আনোয়ারুল হক নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে বৃহস্পতিবার রাত ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আনোয়ারুল হকের গ্রামের বাড়ি পাবনা জেলার সুজানগর উপজেলার ঘোরাদহ গ্রামে। তিনি মৃত আতাহার আলী মণ্ডলের ছেলে। বর্তমানে পরিবার নিয়ে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় বসবাস করতেন।
নিহতের ভাতিজা মো. পরশ জানান, আনোয়ারুল হক গ্যারেজে কাজ করতেন। বুধবার রাতে কাজ শেষে গাজীপুরের কোনাবাড়ির বাসায় ফেরার উদ্দেশ্যে বের হন। রাত ৯টার দিকে উত্তরা জসীমউদ্দীন রোডের ইউ-টার্ন মোড়ে পায়ে হেঁটে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির ট্রাক পেছন থেকে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে স্বজনরা সেখানে পৌঁছে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। তবে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন