ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের হৃদয়ভাঙা বিদায়ের পর যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা স্টেডিয়ামের বাইরে ইংল্যান্ড ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। ম্যাচ শেষে স্টেডিয়ামের বাইরে উত্তেজনা ছড়িয়ে পড়লে সশস্ত্র পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় তারা একাধিক সমর্থককে আটক করে। এ খবর দিয়েছে বৃটিশ একটি ট্যাবলয়েড পত্রিকা। প্রতিবেদন অনুযায়ী, দুই দলের অন্তত দু’জন সমর্থক স্টেডিয়ামের বাইরে রাস্তায় হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরে সশস্ত্র পুলিশ তাদের গ্রেপ্তার করে। লিওনেল মেসিদের নাটকীয় ২-১ গোলের জয়ের পর কয়েকজন আর্জেন্টাইন সমর্থককে পুলিশের মুখোমুখি হতেও দেখা যায়। জর্জিয়ার আটলান্টা স্টেডিয়ামের আশপাশে দুই দলের সমর্থকদের মধ্যে একাধিক সংঘর্ষের ছবি প্রকাশিত হয়েছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ কয়েকজনকে আটক করে। ইংল্যান্ডের কয়েকজন সমর্থককে থ্রি লায়ন্সের জার্সি পরা অবস্থায় হাতকড়া পরিয়ে নিয়ে যেতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, তারা সংঘর্ষে জড়িত ছিলেন। এ ছাড়া বার্মিংহাম থেকে নিউইয়র্ক সিটি পর্যন্ত বিভিন্ন স্থানে দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা, হাতাহাতি এবং গ্রেপ্তারের ঘটনাও প্রকাশিত বিভিন্ন ছবিতে দেখা গেছে।

বিতর্কিত ব্যানার নিয়ে নতুন বিতর্ক
ম্যাচ শেষে আর্জেন্টিনার খেলোয়াড়রা ‘লাস মালভিনাস সন আর্জেন্তিনাস’ (মালভিনাস আর্জেন্টিনার) লেখা একটি ব্যানার প্রদর্শন করেন। এটি ফকল্যান্ড দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে আর্জেন্টিনার দাবির প্রতীক হিসেবে দেখা হয়। কিছু সমর্থকও একই ধরনের ব্যানার প্রদর্শন করেন। তাতে দ্বীপপুঞ্জের ওপর আর্জেন্টিনার সার্বভৌমত্বের দাবি জানানো হয়। উল্লেখ্য, ফকল্যান্ড দ্বীপপুঞ্জের বাসিন্দারা গণভোটে বিপুল ভোটে বৃটিশ ওভারসিজ টেরিটরি হিসেবেই থাকার পক্ষে মত দিয়েছিলেন।




