চলমান এইচএসসি পরীক্ষা ঘিরে দেশজুড়ে বিক্ষোভের মধ্যে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের প্রতি সমর্থন জানিয়েছে সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ। সংগঠনটি দাবি করেছে, বৈরী আবহাওয়ার মধ্যে পরীক্ষা নেয়াকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
মঙ্গলবার এক বিবৃতিতে পরিষদের প্রধান সমন্বয়ক প্রিন্সিপাল মো. সেলিম মিয়া বলেন, বর্তমান শিক্ষামন্ত্রী নানা প্রতিকূলতার মধ্যেও দেশের শিক্ষা ব্যবস্থাকে সুশৃঙ্খল করার চেষ্টা করছেন। কাজ করতে গিয়ে ভুল হতে পারে উল্লেখ করে তিনি বলেন, সাম্প্রতিক ঘটনার জন্য মন্ত্রী ভুল স্বীকারও করেছেন। এরপরও আন্দোলন অব্যাহত থাকায় এর পেছনে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, শিক্ষা ব্যবস্থার সংস্কারে নেয়া বিভিন্ন পদক্ষেপের কারণে শিক্ষামন্ত্রী একটি প্রভাবশালী মহলের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন। সংগঠনটির দাবি, বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের আন্দোলনে উসকানি দেয়া হচ্ছে এবং এর পেছনে ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী শক্তির ইন্ধন রয়েছে।
সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ আরও দাবি করে, অতীতে অটোপাস, অতিরিক্ত নম্বর দেয়া ও পরীক্ষায় অনিয়মের মাধ্যমে শিক্ষা ব্যবস্থার ক্ষতি হয়েছে। বর্তমান শিক্ষামন্ত্রী নকল বন্ধ ও শিক্ষকদের জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগ নেয়ায় বিভিন্ন মহলের বিরাগভাজন হয়েছেন বলে তারা মনে করেন।
বিবৃতিতে সরকারকে শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানানো হয়। একই সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাস ও পড়াশোনায় ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে শিক্ষামন্ত্রীর প্রচেষ্টার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে সংগঠনটি।
