পূর্বঘোষিত ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি পালনের অংশ হিসেবে রাজধানীর উত্তরায় সড়ক অবরোধ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা।
বুধবার বেলা দেড়টার দিকে উত্তরার বিএনএস সেন্টারের সামনে বিক্ষোভ শুরু করে একদল শিক্ষার্থী। পরে সড়ক অবরোধ করেন তারা। এতে ঢাকা ও গাজীপুরমুখী যান চলাচল বন্ধ হয়ে যায়।
এর আগে গতকাল বৈরী আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়া এবং ত্রুটিপূর্ণ প্রশ্নপত্রে পরীক্ষা নেয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।
গতকাল রাত পৌনে ১০টার দিকে রাজধানীতে একদল শিক্ষার্থী নতুন কর্মসূচি দিয়ে বিক্ষোভ শেষ করেন।
নতুন কর্মসূচি নিয়ে তারা বলেছিলেন, আজ বুধবারের নির্ধারিত পরীক্ষা স্থগিত না করলে বেলা তিনটা থেকে ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি পালন করা হবে।
