একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী মামলায় বাগেরহাটের খান আকরাম হোসেনের আমৃত্যু কারাদণ্ডের রায় বাতিল করে তাকে খালাস দিয়েছে আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী নেতৃত্বাধীন পাঁচ বিচারকের আপিল বেঞ্চ এ রায় দেয়।
এর আগে মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৫ সালের ১১ অগাস্ট বাগেরহাটের শেখ সিরাজুল হক ওরফে সিরাজ মাস্টারকে মৃত্যুদণ্ড এবং খান আকরাম হোসেনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
মোড়েলগঞ্জ থানার তেলিগাতীতে মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে আটকের পর নির্যাতন চালিয়ে হত্যার ঘটনায় আমৃত্যু কারাদণ্ড দেয়া হয় আকরামকে। তিনি এ রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন।
এ মামলায় সিরাজুল হক ও খান আকরাম হোসেনের সঙ্গে আব্দুল লতিফ তালুকদার নামে আরেকজন অভিযুক্ত হন। কিন্তু রায়ের আগেই ২০১৫ সালের ২৭ জুলাই বার্ধক্যজনিত কারণে মৃত্যু হওয়ায় তার নাম মামলা থেকে বাদ দেয়া হয়।
