ইরানে রাশিয়ার ‘কেয়ামতের বিমান’, বাড়ছে জল্পনা

ইরানে রাশিয়ার ‘কেয়ামতের বিমান’, বাড়ছে জল্পনা

ফন্ট সাইজ:

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান তীব্র সংঘাতের মধ্যেই সোমবার (১৩ জুলাই) তেহরানে অবতরণ করেছে রাশিয়ার বিশেষ এক সামরিক বিমান। বিমানটির আগমনকে ঘিরে আন্তর্জাতিক মহলে নানা জল্পনা তৈরি হয়েছে।
ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, আরএ-৬৪৫৩১ নিবন্ধন নম্বরধারী ‘টুপোলেভ তু-২১৪পিইউ’ মডেলের বিমানটি আরএসডি৪২০ কলসাইন ব্যবহার করে মস্কো থেকে উড্ডয়ন করে এবং বাংলাদেশ সময় সকাল ১০টা ৪০ মিনিটে তেহরানে অবতরণ করে।
সংবাদমাধ্যমে বিমানটিকে প্রায়ই ‘ডুমসডে প্লেন’ বা কেয়ামতের বিমান নামে উল্লেখ করা হয়। তবে এটি রাশিয়ার পারমাণবিক যুদ্ধ পরিস্থিতিতে ব্যবহৃত প্রধান আকাশভিত্তিক কমান্ড সেন্টার নয়।

বরং তু-২১৪পিইউ মূলত একটি বিশেষায়িত ও সুরক্ষিত যোগাযোগ ব্যবস্থা (হাই-সিকিউরিটি কমিউনিকেশনস প্ল্যাটফর্ম) হিসেবে ব্যবহৃত হয়। এটি রাশিয়ার স্পেশাল ফ্লাইট স্কোয়াড্রন-এর অংশ।
রাশিয়া আনুষ্ঠানিকভাবে এই সফরের উদ্দেশ্য জানায়নি। তবে অতীতে বিমানটি একাধিকবার রুশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সফরের সঙ্গে সংশ্লিষ্ট ছিল বলে দেখা গেছে।
গত ১৬ জুন একই বিমানটি উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে অবতরণ করেছিল। ওই দিনই রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন উজবেকিস্তানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন।

এর আগে, ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার কয়েক দিন আগে তু-২১৪পিইউ তেহরান সফর করে এবং ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত সেখানে অবস্থান করে। সে সময় রাশিয়ার জ্বালানিমন্ত্রী সের্গেই সিভিলিয়ভের সফরে সহায়তার জন্য বিমানটি ব্যবহৃত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হয়।
এর কয়েক দিন পরই রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ তেহরান সফর করেন। একইভাবে, গত বছরের নভেম্বরে বিমানটি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও গিয়েছিল। সে সময়ও সের্গেই সিভিলিয়ভ একটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিতে পাকিস্তান সফর করেছিলেন।

গত এক বছরে বিমানটির প্রকাশ্য সফরগুলোর ধরণ বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে, এবারও এটি তেহরানে কোনো উচ্চপর্যায়ের রুশ প্রতিনিধি দলের সফর উপলক্ষে গেছে অথবা সম্ভাব্য রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সফরের প্রস্তুতি নিতে সেখানে পৌঁছেছে।
এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ১৩ জুলাই এক সংবাদ ব্রিফিংয়ে ল্যাভরভের সম্ভাব্য সফরের বিষয়টি নিশ্চিত করেছে বলে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন