বিশ্বের স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) টেকসই উন্নয়ন ত্বরান্বিত করতে অধিক পরিমাণে স্বল্পসুদে ও সহজশর্তে অর্থায়ন, আন্তর্জাতিক আর্থিক কাঠামোর সংস্কার, সহজলভ্য জলবায়ু অর্থায়ন, বাজারে অধিকতর প্রবেশাধিকার এবং প্রযুক্তি সহায়তা জোরদারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
স্থানীয় সময় সোমবার জাতিসংঘের টেকসই উন্নয়নবিষয়ক উচ্চপর্যায়ের রাজনৈতিক ফোরামে (এইচএলপিএফ) স্বল্পোন্নত দেশসমূহের পক্ষে বক্তব্য প্রদানকালে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এ আহ্বান জানান।
জাতিসংঘের টেকসই উন্নয়নবিষয়ক উচ্চপর্যায়ের রাজনৈতিক ফোরামে (এইচএলপিএফ) স্বল্পোন্নত দেশসমূহের পক্ষে বক্তব্য প্রদানকালে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ‘ক্রমবর্ধমান ঋণঝুঁকি, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, সরকারি উন্নয়ন সহায়তা (ওডিএ) হ্রাস, ডিজিটাল বৈষম্যের বিস্তার এবং সাশ্রয়ী অর্থায়নের সীমিত প্রাপ্যতা ২০৩০ এজেন্ডা ও দোহা কর্মসূচি বাস্তবায়নের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।’
তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ন্যায্য অর্থায়ন নিশ্চিত করা, টেকসই ঋণসমাধান, জলবায়ু কার্যক্রম জোরদার, উন্নয়নবান্ধব বৈশ্বিক বাণিজ্যব্যবস্থা প্রতিষ্ঠা এবং প্রযুক্তি হস্তান্তর ও ডিজিটাল রূপান্তরে সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে এলডিসিগুলোর প্রতি আরও কার্যকর ও শক্তিশালী সমর্থন প্রদানের আহ্বান জানান।
