আইসিসি’র বড় জরিমানা থেকে বাঁচলো বিসিবি

আইসিসি’র বড় জরিমানা থেকে বাঁচলো বিসিবি

ফন্ট সাইজ:

নিরাপত্তা ইস্যুতে চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেনি বাংলাদেশ। যে কারণে বড় আর্থিক জরিমানার মুখে পড়তো বিসিবি। অবশ্য বিশ্বকাপ শেষে বাংলাদেশ জরিমানার মুখে পড়ছে না বলে বলে জানায় আইসিসি। তবে মূল সংকট ছিল সম্প্রচার স্বত্ব (ব্রডকাস্টিং রাইটস) নিয়ে। বাংলাদেশ অংশ না নেয়ায় সম্প্রচারকারীরা যে ক্ষতি হয়েছে বলে দাবি করেছিল, সেই বাবদ প্রায় ৩ মিলিয়ন ডলার বা ৪০ কোটি টাকার বেশি ক্ষতিপূরণের দাবি উঠেছিল স্কটল্যান্ডের এডিনবার্গে আয়োজিত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভায়। তবে বড় অঙ্কের আর্থিক জরিমানা থেকে বেঁচেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বোর্ডের দায়িত্ব নেয়ার পর অভ্যন্তরীণ নানা জল্পনা-কল্পনার মধ্যেই এডিনবার্গের এই সভায় যোগ দেন তামিম। সামাজিক যোগাযোগমাধ্যমে সভার একটি ছবি শেয়ার করেন। সভায় ২০৩১ সালের বিশ্বকাপের আগে বাংলাদেশ একটি আইসিসি ইভেন্ট আয়োজন করবে বলে ঘোষণা দেয়া হয়। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র (ইউএসএসি) ও কানাডা ক্রিকেট বোর্ডের সদস্যপদ স্থগিত রাখার সিদ্ধান্তই বহাল রেখেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। গত বছরের সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রের সদস্যপদ স্থগিত রয়েছে। ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত থাকলেও, চূড়ান্ত সিদ্ধান্তের আগে আরও সময় নিতে চায় আইসিসি। অন্যদিকে, অভ্যন্তরীণ প্রশাসনিক জটিলতা নিরসনের নির্দেশ দেয়া হয়েছে জুন মাসে স্থগিত হওয়া কানাডাকে। নতুন সদস্য হিসেবে মরিশাস ক্রিকেট ফেডারেশনকে অ্যাসোসিয়েট সদস্যপদ প্রদান করা হয়েছে। এর ফলে আইসিসির মোট সদস্য দেশের সংখ্যা দাঁড়িয়েছে ১১১টিতে (১২টি পূর্ণ সদস্য ও ৯৯টি অ্যাসোসিয়েট সদস্য)। বার্ষিক এই সম্মেলনে ক্রিকেটের কাঠামো পরিবর্তনের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পরিধি ৮ দল থেকে বাড়িয়ে ১২ দলে উন্নীত করা এবং ওয়ানডে ফরম্যাট ৫০ ওভার থেকে কমিয়ে ৪০ ওভারে নামিয়ে আনার প্রস্তাবগুলো নিয়ে আলোচনা হলেও, তা আলোর মুখ দেখেনি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন