সারোয়ার আলমগীরের সংসদ অধিবেশনে অংশগ্রহণে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন, শুনানি ১৯শে জুলাই

সারোয়ার আলমগীরের সংসদ অধিবেশনে অংশগ্রহণে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন, শুনানি ১৯শে জুলাই

ফন্ট সাইজ:

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের কার্যকারিতা স্থগিত চেয়ে করা আবেদনের সঙ্গে নতুন করে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে সংসদ অধিবেশনে অংশগ্রহণ থেকে বিরত রাখতে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। সোমবার আপিল বিভাগের চেম্বার আদালতে এ আবেদন করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী মুহাম্মদ নুরুল আমীন। চেম্বার জজ বিচারপতি ফারাহ মাহবুব আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ (ফুল কোর্ট) বেঞ্চে আগামী ১৯শে জুলাই (রোববার) দিন নির্ধারণ করেছেন।

এদিন, জামায়েতের প্রর্থী মুহাম্মদ নুরুল আমীনের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এবং আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী। অন্যদিকে সারোয়ার আলমগীরের পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিম ও আইনজীবী নাসির উদ্দীন আহমেদ অসীম। আবেদনে হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত চাওয়ার পাশাপাশি আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সারোয়ার আলমগীর যাতে সংসদ অধিবেশনে অংশ নিতে না পারেন, সে বিষয়ে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা প্রার্থনা করা হয়েছে।
উল্লেখ্য, চট্টগ্রাম-২ আসনে সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র প্রথমে রিটার্নিং কর্মকর্তা বৈধ ঘোষণা করেন। পরে ঋণখেলাপির অভিযোগ তুলে জামায়াত প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন নির্বাচন কমিশনে আপিল করলে কমিশন তার প্রার্থিতা বাতিল করে। এর বিরুদ্ধে সারোয়ার আলমগীর হাইকোর্টে রিট আবেদন করেন। প্রাথমিক পর্যায়ে হাইকোর্ট তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিলেও ওই আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করা হলে আপিল বিভাগ তার ফলাফল প্রকাশ ও শপথ গ্রহণ স্থগিত রেখে রুল নিষ্পত্তির নির্দেশ দেন। পরবর্তীতে রুলের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বাতিল করে সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করেন।

ওই রায়ের বিরুদ্ধে আপিলের পাশাপাশি এখন রায়ের কার্যকারিতা স্থগিত চেয়ে চেম্বার আদালতের শরণাপন্ন হয়েছেন জামায়াত প্রার্থী মুহাম্মদ নুরুল আমীন। সর্বশেষ সেই আবেদনের সঙ্গে সারোয়ার আলমগীরের সংসদ অধিবেশনে অংশগ্রহণে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা চেয়ে নতুন আবেদনও যুক্ত করা হয়েছে। এখন বিষয়টি আগামী ১৯শে জুলাই আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন