বিমানমন্ত্রী রিতার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, হজ ফ্লাইটের কর কমানোর আহ্বান

বিমানমন্ত্রী রিতার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, হজ ফ্লাইটের কর কমানোর আহ্বান

ফন্ট সাইজ:

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতার সঙ্গে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন জাফর বিন উবাইয়াহ সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে হজযাত্রীদের জন্য হজ ফ্লাইটের কর কমানোর আহ্বান জানানো হয়েছে।

সোমবার দুপুর ১২টার দিকে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে এসে আফরোজা খানম রিতার সঙ্গে সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের পাশাপাশি বেসামরিক বিমান চলাচল, পর্যটন এবং হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এসময় প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন।

বৈঠকে মন্ত্রী আফরোজা খানম বলেন, বাংলাদেশের হজযাত্রীদের ব্যয় কমানোর লক্ষ্যে সৌদি সরকারের আরোপিত হজ ফ্লাইট-সংক্রান্ত কর ও চার্জ কমানো হলে তা দেশের বিপুলসংখ্যক হজযাত্রীর জন্য সহায়ক হবে। এ বিষয়ে তিনি সৌদি রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন।
প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, বাংলাদেশের হজযাত্রীদের জন্য আবাসনের ক্যাটেগরি–ডি সুবিধা না থাকায় প্রতি যাত্রীর আবাসন ব্যয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। তিনি বাংলাদেশি হজযাত্রীদের স্বার্থে ক্যাটেগরি–ডি পুনর্বহালের জন্য সৌদি কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।

সৌদি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশি হজযাত্রীদের সেবার মানোন্নয়ন, সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং হজের ব্যয় যৌক্তিক পর্যায়ে রাখতে সৌদি সরকার আন্তরিক। এ লক্ষ্যে তিনি প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা ও উদ্যোগ গ্রহণে কাজ করবেন বলে আশ্বাস প্রদান করেন।
সাক্ষাৎ শেষে উভয় পক্ষ বাংলাদেশ ও সৌদি আরবের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি হজ ব্যবস্থাপনা, বেসামরিক বিমান চলাচল এবং পর্যটন খাতে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন