ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে আগামী ৩রা মার্চ থেকে। আর ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ১৩ই মার্চ থেকে। ঘরমুখো যাত্রীদের চাপ সামাল দিতে নিয়মিত আন্তঃনগর ট্রেনের পাশাপাশি পাঁচ জোড়া বিশেষ ট্রেন চালাবে বাংলাদেশ রেলওয়ে। রেলভবনে রোববার অনুষ্ঠিত এক প্রস্তুতি সভার এ সিদ্ধান্ত জানিয়ে বুধবার রেলপথ মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তি দিয়েছে। তাতে বলা হয়েছে, ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি হবে ৩রা থেকে, যা চলবে ৯ই মার্চ। ফিরতি যাত্রার টিকিট বিক্রি ১৩ থেকে শুরু হয়ে ১৯শে মার্চ পর্যন্ত চলবে। এবারেও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে।
অগ্রিম টিকিট বিক্রির সূচি: ৩রা মার্চ বিক্রি হবে ১৩ই মার্চের টিকিট; ৪ঠা মার্চ বিক্রি হবে ১৪ই মার্চের টিকিট। এভাবে ৯ই মার্চ বিক্রি হবে ১৯শে মার্চের টিকিট। ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০, ২১ ও ২২শে মার্চের টিকিট বিক্রি করা হবে। ফিরতি যাত্রায় ১৩ই মার্চ বিক্রি হবে ২৩শে মার্চের টিকিট; ১৪ই মার্চ বিক্রি হবে ২৪শে মার্চের টিকিট। এভাবে ১৯শে মার্চ বিক্রি হবে ২৯শে মার্চের টিকিট। একজন যাত্রী ঈদ অগ্রিম ও ফিরতি যাত্রায় একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। এসব টিকিট ফেরত দেয়া যাবে না। যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি হবে। ১৬ই মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন প্রত্যাহার করা হবে। ঈদের পর আবার সাপ্তাহিক ছুটি কার্যকর হবে। ঈদের আগে ১৯শে মার্চ রাত ১২টা ১ মিনিট থেকে ঈদের দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত কন্টেইনার ও জ্বালানি তেলবাহী ট্রেন ছাড়া অন্য সব গুডস ট্রেন চলাচল বন্ধ থাকবে। ঢাকা, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও খুলনাসহ বড় স্টেশনগুলোতে জিআরপি, আরএনবি, বিজিবি, র্যাব ও স্থানীয় পুলিশের সমন্বয়ে নিরাপত্তা জোরদার করা হবে। টিকিটবিহীন যাত্রীদের স্টেশনে প্রবেশ রোধে নজরদারি থাকবে।
বিশেষ ট্রেনের সূচি: ঈদ উপলক্ষে চট্টগ্রাম-চাঁদপুর, ঢাকা-দেওয়ানগঞ্জ, ভৈরববাজার-কিশোরগঞ্জ, ময়মনসিংহ-কিশোরগঞ্জ এবং জয়দেবপুর-পার্বতীপুর রুটে পাঁচ জোড়া বিশেষ ট্রেন চলবে। চট্টগ্রাম থেকে চাঁদপুরের উদ্দেশ্যে বিকাল সাড়ে ৩টায় ছেড়ে রাত ৮টা ২০ মিনিটে পৌঁছাবে ‘চাঁদপুর ঈদ স্পেশাল-১’। ফিরতি ট্রেন ‘চাঁদপুর ঈদ স্পেশাল-২’ ভোর ৪টায় চাঁদপুর থেকে ছেড়ে চট্টগ্রামে পৌঁছাবে সকাল ৮টা ৫০ মিনিটে। ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে ‘তিস্তা স্পেশাল-৩’ সকাল সাড়ে ৯টায় ঢাকা থেকে ছেড়ে বিকাল সাড়ে ৩টায় দেওয়ানগঞ্জ পৌঁছাবে। ‘তিস্তা স্পেশাল-৪’ বিকাল সাড়ে ৪টায় দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে রাত সোয়া ১০টায় ঢাকায় পৌঁছাবে। ভৈরববাজার-কিশোরগঞ্জ রুটে ‘শোলাকিয়া ঈদ স্পেশাল-৫’ সকাল ৬টায় ছেড়ে সকাল ৮টায় পৌঁছাবে। ফিরতি ‘শোলাকিয়া ঈদ স্পেশাল-৬’ বেলা ১২টায় ছেড়ে দুপুর ২টায় ভৈরববাজার পৌঁছাবে। ময়মনসিংহ-কিশোরগঞ্জ রুটে ‘শোলাকিয়া ঈদ স্পেশাল-৭’ ভোর ৫টা ৪৫ মিনিটে ছেড়ে সকাল সাড়ে ৮টায় পৌঁছাবে। ‘শোলাকিয়া ঈদ স্পেশাল-৮’ বেলা ১২টায় ছেড়ে বিকাল ৩টায় ময়মনসিংহ পৌঁছাবে। জয়দেবপুর-পার্বতীপুর রুটে ‘পার্বতীপুর ঈদ স্পেশাল-৯’ সন্ধ্যা ৭টায় ছেড়ে রাত আড়াইটায় পার্বতীপুর পৌঁছাবে। ‘পার্বতীপুর ঈদ স্পেশাল-১০’ সকাল সোয়া ৮টায় ছেড়ে দুপুর ২টা ২০ মিনিটে জয়দেবপুর পৌঁছাবে।
