সিলেটে প্রতারণা করে জমি বিক্রির টাকা ফেরত না দিয়ে লন্ডনে পালাচ্ছিলেন এক মহিলা। গতকাল সকালে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে কোতোয়ালি থানায় হস্তান্তর করে। গ্রেপ্তার হওয়া ওই মহিলার নাম মাকসুদা চৌধুরী। তিনি মৌলভীবাজার জেলার সদর থানার রাউতগাঁও গ্রামের শাহ মো. ছালেক হোসেনের স্ত্রী। পুলিশ জানায়, মাকসুদা চৌধুরী সিলেট কোতোয়ালি থানার একটি জিআর মামলার আসামি। সকাল সাড়ে ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইএ-২০১ ফ্লাইটে যুক্তরাজ্যে যাওয়ার উদ্দেশ্যে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যান মাকসুদা চৌধুরী।
বিদেশ গমনে নিষেধাজ্ঞা থাকায় বিদেশ যাত্রা স্থগিত করে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরবর্তীতে সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ আটককৃত মাকসুদা চৌধুরীকে কোতোয়ালি থানার তদন্তকারী কর্মকর্তা আবদুল কুদ্দুসের কাছে হস্তান্তর করে। মাকসুদা বেগম নগরের আম্বরখানা এলাকায় জমি বিক্রি বাবদ এক ব্যক্তির কাছে ১ কোটি ২৩ লাখ টাকা গ্রহণ করে পরে জমি রেজিস্ট্রি করে দেননি। টাকাও ফেরত দেননি। এ ঘটনায় শুকুর মিয়া নামে এক ব্যক্তি তার বিরুদ্ধে মামলা করেছিলেন। রোববার সালিশ বৈঠকের মাধ্যমে টাকা ফেরত দেয়ার কথা ছিল। তার আগেই সকালে লন্ডনে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মো. মনজুরুল আলম জানান, প্রতারণা মামলায় ওই নারীকে আদালতে প্রেরণ করা হয়েছে।
