জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, উপকূলীয় এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কারের জন্য বরাদ্দকৃত অর্থের এক টাকাও দুর্নীতি বা লুটপাট হতে দেয়া হবে না। এ বিষয়ে জাতীয় সংসদে বিষয়টি উত্থাপন করা হবে এবং বরাদ্দের অর্থ যথাযথভাবে ব্যয় নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে। রোববার দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, আনোয়ারার উপকূলীয় অঞ্চলের কয়েকশ’ পরিবার এখনো পানিবন্দি অবস্থায় রয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অপরিকল্পিত বেড়িবাঁধের কারণেই দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে বেড়িবাঁধ প্রকল্পের নামে বিপুল পরিমাণ অর্থের অনিয়ম ও লুটপাট হয়েছে। তিনি বলেন, ‘চলতি বাজেটেও বেড়িবাঁধের জন্য বরাদ্দ রাখা হয়েছে। আমরা জনগণকে আশ্বস্ত করছিÑ এই বরাদ্দের এক টাকাও যেন দুর্নীতি বা লুটপাটের শিকার না হয়, সে বিষয়ে আমরা কঠোর অবস্থানে থাকবো। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মাধ্যমে যেন স্বচ্ছতার সঙ্গে কাজ বাস্তবায়ন হয় এবং দ্রুত মানুষের দুর্ভোগ কমেÑ সে লক্ষ্যে আমরা সংসদে বিষয়টি উত্থাপন করবো।’
এনসিপি’র আহ্বায়ক আরও বলেন, দলের সামর্থ্য অনুযায়ী বন্যাদুর্গত মানুষের পাশে থাকার চেষ্টা করা হচ্ছে। একইসঙ্গে দলের নেতাকর্মীদেরও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশনা দেয়া হয়েছে। তিনি বলেন, আজ পুরো দেশের মানুষ চট্টগ্রামের বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। আমি দেশের সব শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানাই, তারা যেন বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ান। এ সময় উপস্থিত ছিলেনÑ এনসিপি’র মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক তারিকুল ইসলাম, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার, এনসিপি’র কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি, কেন্দ্রীয় কমিটির সদস্য জুবায়েরুল আলম মানিকসহ দল ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতারা। আনোয়ারা সফর শেষে এনসিপি’র শীর্ষ নেতারা বন্যাকবলিত বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শনে যান।
