কক্সবাজারের উপকূলীয় জনপদ পেকুয়া, কুতুবদিয়া, মহেশখালী, চকরিয়ার বদরখালী, উখিয়া ও টেকনাফে একসময় টানা বৃষ্টির পরও দ্রুত পানি সাগরে নেমে যেতো। কিন্তু কয়েক বছর ধরে কয়েক ঘণ্টার ভারী বর্ষণেই ঘরবাড়ি, সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, কৃষিজমি ও মাছের ঘের তলিয়ে যাচ্ছে। সাম্প্রতিক এক সপ্তাহের টানা বৃষ্টিতে কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন কয়েক লক্ষ মানুষ।
স্থানীয়দের অভিযোগ, পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম সøুইসগেট ও জলকপাটে অবৈধভাবে জাল, বাঁশের ধাইরগা ও বিভিন্ন প্রতিবন্ধক বসানো হয়েছে। পাশাপাশি খাল দখল-ভরাট এবং অনেক সøুইসগেট অকেজো হয়ে পড়ায় বৃষ্টির পানি দ্রুত নামতে পারছে না। আগে এক ঘণ্টায় পানি নেমে গেলেও এখন আট থেকে দশ ঘণ্টা সময় লাগছে। ক্ষতিগ্রস্তদের দাবি, এসব অবৈধ জাল সাধারণ জেলেদের নয়, প্রভাবশালী একটি চক্রের নিয়ন্ত্রণে। নিয়মিত তদারকি ও রক্ষণাবেক্ষণের অভাবে বছরের পর বছর সমস্যা বাড়ছে। ফলে সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলেও স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ দেখা যায় না। পানি উন্নয়ন বোর্ডের খাল সংস্কার, সøুুইসগেট রক্ষণাবেক্ষণ ও অবৈধ দখল উচ্ছেদ কার্যক্রম নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
উপকূলবাসীর প্রশ্ন প্রতি বছর একই দুর্ভোগের পরও যদি সøুইসগেট ও পানি নিষ্কাশন ব্যবস্থা সচল না করা যায়, তবে এই জলাবদ্ধতা কি শুধু প্রকৃতির অভিশাপ, নাকি মানুষের তৈরি এক চলমান দুর্যোগ? পানি উন্নয়ন বোর্ডের দক্ষিণ-পূর্বাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী খ. ম. জুলফিকার তারেক বলেন, বাঁধ নিচু হয়ে যাওয়া, পাহাড়ি ঢল এবং মানুষের সৃষ্টি করা প্রতিবন্ধক সব মিলিয়ে জলাবদ্ধতা বাড়ছে। গেটগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ তাদের হাতে নেই, তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল আলম বলেন, সøুইসগেট রক্ষণাবেক্ষণের দায়িত্ব পানি উন্নয়ন বোর্ডের। তারা ব্যবস্থা নিতে না পারলে জেলা প্রশাসনকে জানালে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুব মোর্শেদ বলেন, অতিবৃষ্টি, খাল-নদী-জলাধার দখল, সøুইসগেটের দুর্বল রক্ষণাবেক্ষণ এবং পাহাড়ে নির্বিচারে গাছ কাটার কারণে বন্যা বাড়ছে। তিনি দ্রুত সøুইসগেট ও খালের তালিকা করে কার্যকারিতা যাচাই, অবৈধ জাল অপসারণ, খাল পুনঃখনন, পাহাড়ে ব্যাপক বৃক্ষরোপণ এবং পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে স্থায়ী মনিটরিং ব্যবস্থা গড়ে তোলার পরামর্শ দেন।
