জিম্বাবুয়েতে অবশেষে জয়, তবুও প্রশ্ন

জিম্বাবুয়েতে অবশেষে জয়, তবুও প্রশ্ন

ফন্ট সাইজ:

বিদেশের মাটিতে জয়খরা কাটিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। একমাত্র টেস্টে হার এবং ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে বিধ্বস্ত হওয়ার পর টাইগারদের পারফরম্যান্স নিয়ে ছিল তীব্র সমালোচনা। দীর্ঘ ৩৭১ দিন পর বিদেশের মাটিতে ওয়ানডে জয়ের দেখা পেলো মেহেদী হাসান মিরাজের দল। তবে সিরিজ ২-১ ব্যবধানে হাতছাড়া হওয়ার গ্লানি সহজে মোছার নয়। সিরিজের তৃতীয় ম্যাচে হারারেতে শেষ ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারায় সফরকারীরা। জয়টি আরও বড় ব্যবধানে হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকারের জুটিতে ১৫১ রান আসলেও দলের ব্যাটিং গভীরতা নিয়ে প্রশ্ন থেকেই যায়। সেঞ্চুরি মিস করা নিয়ে তানজিদ বলেন, ‘উইকেট অনেক ভালো মনে হয়েছে। ব্যাট করতে গিয়ে চেয়েছি যত বেশি সময় ধরে খেলা যায়। কিন্তু শেষ পর্যন্ত সেঞ্চুরিটি হয়নি।’

তানজিদ ১০১ বলে ৯৪ রান করে আউট হন। যেখানে ৯ উইকেটে জেতার সুযোগ ছিল, সেখানে তার সেঞ্চুরির জন্য ৭ উইকেটের জয় নিয়ে ফিরতে হয় সাজঘরে। ম্যাচ শেষে ব্যাটিং ও জয়ের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তানজিদ বলেন, ‘আগের উইকেটে বেশি বাউন্স ছিল। আজকে বল ঠিকভাবে এসেছে। টি-টোয়েন্টি সিরিজের আগে এই জয় আত্মবিশ্বাস জোগাবে। তারা ভালো বল করেছে। চেয়েছি স্বাভাবিক ক্রিকেট খেলে যেতে। এই জয় আমাদের জন্য অনেক জরুরি ছিল।’ তবে বিদেশের মাটিতে এই ধরনের অগোছালো ব্যাটিং পারফরম্যান্স খুব একটা আশা জাগানিয়া নয়, বরং বেশ হতাশাজনক। সিরিজ হারলেও শেষ ম্যাচে জয়টা ছিল মরীচিকা তাড়ানোর মতো। পেস বোলিং কোচ তালহা জুবায়ের শিষ্যদের পারফরম্যান্সে স্বস্তি প্রকাশ করলেও বাস্তবতা মেনেই কথা বলেছেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘হয়তো অনেক দিন ধরেই আমরা এই জয়ের অপেক্ষায় ছিলাম। আগের দুই ম্যাচে যেভাবে বল করেছি, তাতে আমাদের জেতা উচিত ছিল। তবে শেষ ম্যাচে জয় পেয়েছি। ম্যাচ জিতলে মোমেন্টাম পাওয়া যায়। আশা করছি, এই ধারাটা টি-টোয়েন্টি সিরিজেও ধরে রাখতে পারবো।’

বোলিং ইউনিটে সন্তুষ্ট হলেও ব্যাটিংয়ে আরও উন্নতির জায়গা স্পষ্ট হয়ে উঠেছে প্রতিটি ম্যাচে। বিদেশের মাটিতে সিরিজ হারের ক্ষত তাজা। টানা দুই ম্যাচে হারের পর তৃতীয় ম্যাচে জয়ী হলেও সামগ্রিক পারফরম্যান্স প্রশ্নবিদ্ধ। ব্যাটিং লাইনআপের মাঝপথে ধস নামার প্রবণতা কাটছে না। তালহা বলেন, ‘ম্যাচ জেতা সবসময়ই গুরুত্বপূর্ণ, জয় দলকে মোমেন্টাম দেয়। তাই এই জয় অনেক জরুরি ছিল।’ বিদেশের মাটিতে জয়ের মানসিকতা ও কৌশলে বড় ধরনের পরিবর্তনের প্রয়োজন। কেবল একটি জয় দিয়ে সব ব্যর্থতা ঢাকা সম্ভব নয়। সিরিজজুড়ে দলের অগোছালো ফিল্ডিং ও অপরিকল্পিত ব্যাটিং বিদেশের মাটিতে টাইগারদের অসহায়ত্বের গল্পই বারবার সামনে নিয়ে এসেছে। টি-টোয়েন্টি সিরিজের আগে পাওয়া এই জয় অনুপ্রেরণা হলেও ভুলগুলো সংশোধন করতে হবে বলে জানিয়েছেন কোচ তালহা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন