জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, স্ট্রেন্থেনিং পার্লামেন্টস ক্যাপাসিটি ইন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ইস্যুজ (এসপিসিপিডি) প্রকল্পের আওতায় টেকসই, বৈষম্যহীন ও মানবসম্পদকেন্দ্রিক সমাজ প্রতিষ্ঠায় সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি বলেন, জনসংখ্যার রূপান্তর সংশ্লিষ্ট বিষয়কে সংসদে আলোচনায় নিয়ে আসা একটি গুরুত্বপূর্ণ বিষয়। রোববার জাতীয় সংসদের শপথ কক্ষে এসপিসিপিডি প্রকল্পের আওতায় ‘পার্লামেন্টস রোল ইন রিয়ালাইজিং পপুলেশন ডিভিডেন্ডস, এসডিজিস অ্যান্ড আইসিপিডি কমিটমেন্টস’ শীর্ষক অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
হাফিজ উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ একটি ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে আছে। বিশ্ব জনসংখ্যা দিবসের স্থানীয় প্রতিপাদ্য ‘তরুণদের আশা-আকাক্সক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’ বাস্তবায়ন নির্ভর করছে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপের উপর। তিনি বলেন, তরুণদের উন্নয়নের মাধ্যমে জনমিতিক লভ্যাংশকে কাজে লাগাতে হবে।
স্পিকার বলেন, ইউএনএফপিএ বাংলাদেশের কৌশলগত সহায়তায় জাতীয় সংসদ সদস্যদের এই ফোরাম (বিএপিপিডি) গঠনের মাধ্যমে আইন ও নীতি নির্ধারণে মূল ভূমিকা পালন করবে। এর আওতায় বাল্যবিয়ে প্রতিরোধ ও আইন শক্তিশালীকরণ, কৈশোরকালীন প্রজনন স্বাস্থ্য ও অধিকার, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনসংখ্যাগত লভ্যাংশ অর্জন ইত্যাদি বিষয়গুলো সংশ্লিষ্ট সংসদীয় কমিটিতে অন্তর্ভুক্তির মাধ্যমে লক্ষ্যমাত্রা বাস্তবায়ন সহজ হবে। এ সময় তিনি স্বাস্থ্য, জেন্ডার সমতা, যুব উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন সম্পর্কিত লক্ষ্য বাস্তবায়নে এ প্রকল্প কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি, এমপি বলেছেন, বাংলাদেশ বর্তমানে একটি গুরুত্বপূর্ণ জনতাত্ত্বিক সময় পার করছে, যেখানে আমাদের জনসংখ্যার একটি বড় অংশই তরুণ। এই জনমিতি লভ্যাংশ বা ‘ডেমোগ্রাফিক ডিভিডেন্ড’কে অর্থনৈতিক সমৃদ্ধিতে রূপান্তর করতে সংসদ সদস্যদের নীতিনির্ধারণী ও স্থানীয় পর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তিনি তার বক্তব্যে উল্লেখ করেন যে, জনমিতি লভ্যাংশ কোনো স্বয়ংক্রিয় অর্জন নয়, বরং এটি একটি পরিকল্পিত বিনিয়োগের ফসল। তিনি বলেন, যদি আমরা তরুণ প্রজন্মকে মানসম্পন্ন শিক্ষা, কারিগরি দক্ষতা এবং উন্নত স্বাস্থ্যসেবা প্রদান করতে পারি, তবেই এটি আমাদের অর্থনীতির জন্য বড় সুযোগ নিয়ে আসবে। অন্যথায়, এটি সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।
এ সময় স্পিকারসহ অন্যান্য বক্তারা জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপির সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া। অনুষ্ঠানে সংসদ-সদস্যগণ, ইউএনএফপিএ’র কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, প্রকল্প পরিচালকসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
