টানা বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলের প্রভাবে নেত্রকোণায় সোমেশ্বরী নদী ছাড়া জেলার সব প্রধান নদীর পানি বেড়ে চলেছে। উপদাখালি নদীর পানি কলমাকান্দা পয়েন্টে বিপদসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাখাওয়াত হোসেন।
রোববার বিকাল ৩টার দিকে পর্যবেক্ষণ কেন্দ্রগুলোর তথ্যের বরাত দিয়ে তিনি জানান, জেলার অন্যান্য প্রধান নদী ধনু, মগড়া ও কংশের পানিও বাড়ছে। তবে এসব নদীর পানি এখনো বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। খালিয়াজুরী পয়েন্টে ধনু নদীর পানি বিপদসীমার ১ দশমিক ৩৫ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আটপাড়া উপজেলার মগড়া নদীর পানি বিপদসীমার ৬৭ সেন্টিমিটার নিচ দিয়ে এবং জারিয়া পয়েন্টে কংশ নদীর পানি বিপদসীমার ১ দশমিক ৫১ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে, সোমেশ্বরী নদীর পানি কমেছে।
বিজয়পুর পয়েন্টে নদীটির পানি বিপদসীমার ৩ দশমিক ১৫ মিটার এবং দুর্গাপুর পয়েন্টে ৩ দশমিক ০৯ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। উপদাখালি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় লোকালয়ে পানি ঢুকেছে। জেলায় টানা বৃষ্টি অব্যাহত থাকায় নদ-নদীর পানির পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে পানি উন্নয়ন বোর্ড। পরিস্থিতির অবনতি হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। এ ছাড়া, জেলা প্রশাসনও সতর্ক অবস্থানে রয়েছে। আকাশ মেঘলা থাকায় বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে।
