স্মৃতি বিজড়িত মাঠে দারুণ কিছুর আশায় শরিফুল

স্মৃতি বিজড়িত মাঠে দারুণ কিছুর আশায় শরিফুল

ফন্ট সাইজ:

বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) রোমাঞ্চকর লড়াইয়ে আজ বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে মুখোমুখি হবে সেন্ট্রাল জোন ও ইস্ট জোন। ম্যাচটি সকাল ৯টায় শুরু হবে। উল্লেখ্য যে, এই লীগের প্রথম ম্যাচে রাজশাহীতে নর্থ জোন ৫৪ রানে ইস্ট জোনকে পরাজিত করেছে এবং অন্য ম্যাচে বগুড়ায় সাউথ জোন ৭ উইকেটে সেন্ট্রাল জোনকে হারিয়েছে। বর্তমানে পয়েন্ট টেবিলে নর্থ ও সাউথ জোন সুবিধাজনক অবস্থানে থাকলেও সেন্ট্রাল ও ইস্ট জোন এখনো কোনো পয়েন্ট পায়নি। তাই আজ ঘুরে দাঁড়াতে মরিয়া সেন্ট্রাল জোন, অন্যদিকে ইস্ট জোনও চায় তাদের প্রথম জয়ের দেখা পেতে। বগুড়ার স্পোর্টিং উইকেটে আজ এক জমজমাট ক্রিকেট যুদ্ধের প্রত্যাশা করছে আয়োজক ও দর্শকরা। দলের অভিজ্ঞ পেসার মোস্তাফিজুর রহমান নতুন ভ্যারিয়েশন নিয়ে কাজ করছেন যা দলের বোলারদের উজ্জীবিত করছে। হাই-ভোল্টেজ এই ম্যাচের আগে চেনা মাঠে ফেরার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে পেসার শরিফুল ইসলাম বলেন, ‘যখন আজকে আমি গেটের ভিতর গিয়েছি, একটা আবেগ কাজ করছিল। কারণ আমি সম্ভবত শেষ এখানে ম্যাচ খেলেছি। পাঁচটা বছর এখানে আমি অনুশীলন করেছি। যখন এই মাঠে ঢুকেছি একটা আবেগ কাজ করছিল। অনেকদিন পর ম্যাচ খেলব অবশ্যই ভিতরে একটা অন্যরকম অনুভূতি। এখানে সবকিছুই চেনা-জানা নিজের মতই।’ বিপিএলের দুর্দান্ত ছন্দ বিসিএল ওয়ানডে ফরম্যাটেও ধরে রাখতে মরিয়া এই বাঁহাতি পেসার। বিপিএলের সাফল্য ধরে রাখতে তিনি কঠোর পরিশ্রম করছেন। শরিফুল বলেন, ‘বিপিএলের আগে আমি কিছু কাজ করেছিলাম। আলহামদুলিল্লাহ বিপিএলে সেটার সাফল্য আসছে। তাই ওইভাবেই কাজ করছি, দেখা যাক কতদিন সাফল্য আসতে থাকে।’ এছাড়া তরুণ পেসার নাহিদ রানার পিএসএলে সুযোগ পাওয়া তাকে দারুণ আনন্দিত করেছে। জাতীয় দলের সিনিয়র বোলার তাসকিন আহমেদের কাছ থেকে পাওয়া টিপসগুলো ম্যাচে প্রয়োগ করতে তিনি উন্মুখ হয়ে আছেন। শরিফুল মনে করেন, বগুড়ার স্পোর্টিং উইকেটে যারা ভুল কম করবে, জয়ের পাল্লা তাদের দিকেই ভারী থাকবে। ব্যক্তিগত লক্ষ্য ছাপিয়ে দলের জয়কেই বড় করে দেখছেন এই বাঁহাতি পেসার। তরুণ পেসার রিপন মন্ডলও নিজেকে সব ফরম্যাটে প্রমাণের জন্য প্রস্তুত করছেন। ওয়ানডে ফরম্যাটে নিজের পরিকল্পনা নিয়ে তিনি বলেন, ‘যেই ফরম্যাটই যখনই খেলা হয় আমার চেষ্টা থাকে ওই ফরম্যাটটায় ভালো করার। যদি আমি নিজেকে ওয়ানডেতে প্রমাণ
করতে পারি ইনশাআল্লাহ সুযোগ আসবে।’ তাসকিন আহমেদের পরামর্শে রিপন তার বোলিংয়ে মুভমেন্ট এবং ইয়র্কার নিয়ে বিশেষ কাজ করছেন। বিশেষ করে ডেথ ওভারে কার্যকর বোলিং করার জন্য তিনি নিয়মিত ইয়র্কার অনুশীলন করছেন। রিপনের মতে, তাসকিন আহমেদের মতো অভিজ্ঞ বোলার দলে থাকা মানে বোলিং ইউনিট অনেক বেশি শক্তিশালী হওয়া। সেন্ট্রাল জোনের এই বোলার বিশ্বাস করেন, নতুন বলের পাশাপাশি মিডল ও ডেথ ওভারে অবদান রাখতে পারলে প্রতিপক্ষকে চাপে রাখা সম্ভব হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন