টেকনাফে পাহাড় থেকে পড়ে আহত হস্তিনীর মৃত্যু

টেকনাফে পাহাড় থেকে পড়ে আহত হস্তিনীর মৃত্যু

ফন্ট সাইজ:

টেকনাফে পাহাড় থেকে পড়ে গুরুতর আহত হওয়া একটি হস্তিনীর মৃত্যু হয়ছে। চিকিৎসারত অবস্থায় রোববার সকাল ১০টার দিকে হস্তিনীটি মারা যায়। রোববার সাড়ে ১০টার দিকে এই তথ্য নিশ্চিত করেন, টেকনাফ রেঞ্জ কর্মকর্তা আব্দুর রশিদ। তিনি জানান, টেকনাফ উপজেলা প্রাণিসম্পদ ভেটেরিনারি হাসপাতাল এবং ডুলাহাজারা সাফারি পার্কের ভেটেরিনারি চিকিৎসকদের একটি দল চিকিৎসা শুরু করেন। দুর্গম পাহাড়ি এলাকায় হস্তিনীটিকে সরিয়ে নেয়া সম্ভব না হওয়ায় ঘটনাস্থলেই চিকিৎসা ও নিবিড় পরিচর্যার ব্যবস্থা করা হয়।

তিনি আরও বলেন, শনিবার দুপুর ১টার দিকে টেকনাফ রেঞ্জের সদর বন বিটের শিয়ালঘোনা এলাকায় হস্তিনীটি পাহাড় থেকে প্রায় ৩০০ ফুট নিচে পড়ে যায়। টানা বর্ষণের কারণে পাহাড়ের মাটি নরম ও পিচ্ছিল হয়ে পড়ায় হস্তিনীটি অতর্কিতভাবে নিচে পড়ে গুরুতর আহত হয়। হস্তিনীটির দুই পা, বুক ও পেটে গুরুতর আঘাত লাগে এবং আহত হওয়ার পর আর দাঁড়াতে পারেনি। স্থানীয়রা বলছেন, হস্তিনীটি মারা যাওয়ার সময় অনেক চিৎকার ও ছটফট করছিল, অনেক চেষ্টা করছিল বেঁচে উঠার জন্য। কিন্তু চিকিৎসকরা অনেক চেষ্টা করেও রক্ষা করতে পারেনি হস্তিনীটিকে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম অনীক চৌধুরী বলেন, আহত হস্তিনীটির পেছনের দু’টি পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এ ছাড়া পেটেও গুরুতর আঘাত ছিল। দুর্গম অবস্থানের কারণে ঘটনাস্থলেই চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়। তিনি আরও জানান, হস্তিনীটির মৃত্যুর ঘটনায় একটি তদন্ত দল গঠন করা হয়েছে। ময়নাতদন্ত শেষে বনবিভাগের তত্ত্বাবধানে হস্তিনীটিকে মাটিচাপা দেয়া হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন