কিশোরগঞ্জে পর্যটকসহ নিখোঁজ ২ জনের লাশ উদ্ধার

কিশোরগঞ্জে পর্যটকসহ নিখোঁজ ২ জনের লাশ উদ্ধার

ফন্ট সাইজ:

কিশোরগঞ্জের নিকলীর হাওর ও পাকুন্দিয়ার ব্রহ্মপুত্র নদে পানিতে ডুবে নিখোঁজ হওয়ার দুইদিন পর রোববার সকালে শফিকুল ইসলাম তুলু (২৮) নামে এক পর্যটক ও সিরাজ উদ্দিন মোড়ল (৬৫) নামে এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে সকাল সাড়ে ৬টার দিকে নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের কাঁঠালিয়া এলাকার ঘোড়াউত্রা নদীতে পর্যটক শফিকুল ইসলাম তুলুর লাশ ভেসে উঠলে ফায়ার সার্ভিসের কর্মীরা তার লাশ উদ্ধার করেন।

হাওরে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে শুক্রবার বিকাল ৩টার দিকে কাঁঠালিয়া এলাকার ঘোড়াউত্রা নদীতে গোসল করতে নেমে তিনি নিখোঁজ হন। শফিকুল ইসলাম তুলু গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার কান্দানিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

অন্যদিকে সকাল ৭টার দিকে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বরমি এলাকার নদী থেকে কৃষক সিরাজ উদ্দিন মোড়লের লাশ উদ্ধার করা হয়। তিনি পাকুন্দিয়া উপজেলার বাহাদিয়া গ্রামের মৃত রইছ উদ্দিন মোড়লের ছেলে। গত শুক্রবার সকাল ১০টার দিকে সিরাজ উদ্দিন মোড়ল নৌকাযোগে ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে নিজের জমিতে কৃষিকাজ করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করে। টানা দুইদিন তল্লাশি চালিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। রোববার সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমি এলাকায় ব্রহ্মপুত্র নদে তার মরদেহ ভেসে ওঠে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। নিকলী থানার ওসি মাহবুবুর রহমান ও পাকুন্দিয়া থানার ওসি এস এম আরিফুর রহমান পৃথক ২ জনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন