আগামী ২৮শে ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জামায়াতের ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে আমন্ত্রণ জানানো হয়েছে। গতকাল সকালে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সচিবালয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে দাওয়াতপত্র প্রদান করেন। এ সময় তার সঙ্গে ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। রাজনীতিক, বুদ্ধিজীবী, সাংবাদিক, ব্যবসায়ী, পেশাজীবীসহ সমাজের বিশিষ্টজনদের সম্মানে জামায়াত আয়োজিত এই ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন।
এ সময় তিনি জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ নেন এবং জামায়াত আমীরের সঙ্গে ফোনে কথা বলেন ও কুশল বিনিময় করেন। ভবিষ্যতে সরকার ও বিরোধী দল উভয়ে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতিতে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, ‘প্রধানমন্ত্রী আমাদের আমীর ডা. শফিকুর রহমানের সাময়িক অসুস্থতার খবর শুনে কুশল জিজ্ঞেস করেন। এরপর তিনি ফোনে কথা বলার আগ্রহ প্রকাশ করলে আমি জামায়াত আমীরের কাছে ফোন দেই। তিনি ফোনকলে আমীরে জামায়াতের সঙ্গে কুশল বিনিময় করেন।
এ সময় প্রধানমন্ত্রীকে জামায়াত আমীর ইফতারের দাওয়াত দেন বলেও উল্লেখ করেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, আমাদের আমীর তাকে (প্রধানমন্ত্রীকে) সপরিবারে, তার স্ত্রী ও কন্যাকে সেখানে যাওয়ার জন্য অনুরোধ করেছেন। উভয়কেই আমরা দাওয়াতপত্র দিয়েছি। তিনি সেটা গ্রহণ করেছেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার বিকালে রাজধানীর শেওড়াপাড়া এলাকায় একটি আলোচনা সভা ও ইফতার মাহফিলে যাত্রাপথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমীর। এরপর তিনি বাসায় ফিরে যান। তবে গতকাল তার শারীরিক অবস্থার উন্নতি হয়। দুপুরে তিনি বনানীর সামরিক কবরস্থানে শহীদ সেনাসদস্যদের কবর জিয়ারত করেন।
জামায়াতের ইফতারে দাওয়াত
আমীরের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ
স্টাফ রিপোর্টার
২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
