সুন্দরবনে বনরক্ষীদের গুলিতে নিহত জেলে আমিনুর রহমানের পরিবারকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ৫ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার বিকাল ৫টায় খুলনা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে নিহত জেলে আমিনুরের স্ত্রী ছকিনা খাতুনের হাতে প্রধানমন্ত্রীর পক্ষে আর্থিক সহায়তা নগদ অর্থ তুলে দেন বন, পরিবেশ ও জলবায়ু প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান, সাতক্ষীরা জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ড. মো. মনিরুজ্জামান, শ্যামনগর উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক সোলাইমান কবির, সাবেক সহ-সভাপতি সহকারী অধ্যাপক আবু সাঈদ, গাবুরা ইউপি চেয়ারম্যান আলহাজ মাসুদুল আলম, সাবেক পৌর বিএনপি’র আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী বাবু, পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান আমজাদুল ইসলাম, শ্যামনগর উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু প্রমুখ।
উল্লেখ্য, সুন্দরবনে মাছ ধরতে গিয়ে গত ১৮ই মে বনকর্মীর গুলিতে সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা গ্রামের জেলে আমিনুর রহমান (৪৫) নিহত হয়। এ ঘটনায় সাতক্ষীরা-৪ আসনে বিএনপি মনোনিত সংসদ সদস্য প্রার্থী জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামানের প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বন, পরিবেশ ও জলবায়ু প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলামের মাধ্যমে নিহতের পরিবারকে নগদ ৫ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।
