ময়মনসিংহ জেলা পরিষদের অর্থায়নে বিভিন্ন প্রতিষ্ঠানে ৪২টি উন্নয়ন প্রকল্পের অনুকূলে ৮৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। রোববার সকালে ময়মনসিংহ জেলা পরিষদের শিল্পচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি’র যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতিদের হাতে ময়মনসিংহ জেলা পরিষদের পক্ষ থেকে উন্নয়ন প্রকল্পের অর্থের চেক তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ কামরুল হুদা। বক্তব্য রাখেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস, সহকারী প্রকৌশলী আব্দুস সালাম, উন্নয়ন প্রকল্পের চেক গ্রহীতা মো. মঞ্জুরুল ইসলাম, আব্দুল মোত্তালিব, আনসারুল হক, নাজমুল হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, গণতান্ত্রিক ব্যবস্থাতেই টেকসই উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে আজ টেকসই উন্নয়নের যে সুযোগ সৃষ্টি হয়েছে, সেই সুযোগকে ধরে রাখতে এবং উন্নয়নের এই ধারাকে আরও বেগবান করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যেসব প্রতিষ্ঠান উন্নয়ন প্রকল্পের চেক গ্রহণ করছেন, তাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের এই অর্থ একটি আমানত। প্রতিটি টাকার যথাযথ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবহার নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জনগণের আস্থা অক্ষুণ্ন রাখতে হবে।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ কামরুল হুদা প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে করণীয় ও বর্জনীয় বিভিন্ন বিষয় বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানসমূহের প্রকল্প বাস্তবায়ন কমিটির কর্মকর্তাদের অবহিত করেন এবং তা প্রতিপালনে সকলের প্রতি আহ্বান জানান। প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতিগণ তাদের বক্তব্যে সকলকে একত্রিত করে উন্নয়ন কাজের চেক হস্তান্তরকে জেলা পরিষদের ইতিহাসে ব্যতিক্রম বলে উল্লেখ করেন। অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
