চুয়াডাঙ্গায় জেলা যুবদলের বহিষ্কৃত নেতা জাহিন শেখ (৪০) কে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। হামলায় তার বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। এ ছাড়া শরীরের বিভিন্ন অংশ ও দুই পায়ে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে। শনিবার রাত ১১টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার হোমিওপ্যাথি কলেজ-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত জাহিন শেখ পৌর এলাকার হাটকালুগঞ্জ পুলিশ লাইন এলাকার মৃত রজব আলীর ছেলে। তিনি জেলা যুবদলের সাবেক সহ-ক্রীড়া সম্পাদক।
বর্তমানে তিনি দল থেকে বহিষ্কৃত।সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাজমুস সাকিব জানান, আহত জাহিন শেখের বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে এবং বাম পায়ের পাতার হাড়ও ধারালো অস্ত্রের আঘাতে কেটে গেছে। এ ছাড়া ডান পা, পেট ও ডান হাতেও গুরুতর জখম রয়েছে। তার শারীরিক অবস্থার বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) হিমেল রানা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভ্যন্তরীণ বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
