‘ক্রিকেটারদের তকমা দেয়া ক্ষতিকর’

আকবরের ইনিংসে মুগ্ধ তালহা

‘ক্রিকেটারদের তকমা দেয়া ক্ষতিকর’

ফন্ট সাইজ:

ওয়ানডে ফরম্যাটের বাংলাদেশ ক্রিকেট লীগে (বিসিএল) আজ বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ইস্ট জোন ও সেন্ট্রাল জোন। এর আগে গতকাল গণমাধ্যমের মুখোমুখি হয়ে ইস্ট জোনের কোচ তালহা জুবায়ের খেলোয়াড়দের ওপর ‘তকমা’ বসিয়ে দেয়া এবং দল নির্বাচন নিয়ে খোলামেলা কথা বলেন। বিশেষ করে সাদমান ইসলামের সুযোগ না পাওয়া এবং শেষ ম্যাচে আকবর আলীর বিধ্বংসী সেঞ্চুরি নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন সাবেক টাইগার পেসার। বিসিএলে ওপেনার সাদমান ইসলামের না থাকা নিয়ে বিস্ময় প্রকাশ করেন তালহা। তিনি জানান, বাদ পড়ার খবরে সাদমান বেশ হতাশ। তালহা জুবায়ের বলেন, ‘সাদমান এখন ওয়ানডেতেও ভালো খেলছে। গত প্রিমিয়ার লীগেও ভালো করেছে। পাকিস্তান সিরিজের আগে সাদমানের মতো প্লেয়ারকে যদি উৎসাহিত না করেন,

তবে ওর ম্যাচ প্র্যাকটিসটা কোথায় হবে?’

আমাদের দেশের ক্রিকেটে খেলোয়াড়দের গায়ে ‘লাল বল’ বা ‘সাদা বলের’ তকমা সেঁটে দেয়ার সংস্কৃতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তালহা। তিনি বলেন, ‘অল্প সময়েই আমরা তকমা দিয়ে দেই, যা অনেক সময় লম্বা হয়ে যায়। যার সক্ষমতা আছে সে সব ফরম্যাটেই খেলতে পারে। আমি লাল বলের প্লেয়ার হয়ে যদি সাদা বলে উন্নতি করি, তবে আমার সাদা বলের জন্য বিবেচিত হওয়া উচিত।’ টুর্নামেন্টের প্রথম ম্যাচে নর্থ জোনের বিপক্ষে সেঞ্চুরি পান আকবর আলী। এমন ইনিংস কাছ থেকে দেখে মুগ্ধ তালহা। চার উইকেট পড়ে যাবার পর শান্তর সাথে জুটি বেঁধে আকবর যেভাবে দলকে টেনেছেন, তাকে ‘অসাধারণ’ বলে অভিহিত করেন তিনি। তালহা বলেন, ‘আকবর যেভাবে নেতৃত্ব দিয়ে ব্যাট করেছে, তা বিশাল ব্যাপার। আমার মনে হয় এটা আকবরের জীবনের অন্যতম সেরা ইনিংস।’ আকবরের উজ্জ্বল দিনে বল হাতে খরুচে ছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। ১০ ওভারে ৯৮ রান দেন ডানহাতি পেসার। এমন খরচে বোলিংয়ে সমালোচনার মুখে পড়েছেন সাইফউদ্দিন। অভিজ্ঞ এই অলরাউন্ডার খারাপ সময় কাটিয়ে উঠবেন বলে বিশ্বাস তালহার। তিনি বলেন, ‘যেকোনো প্লেয়ারের একটা ম্যাচ খারাপ যেতে পারে। সাইফউদ্দিন অনেক অভিজ্ঞ, আমাদের সবার ওর ওপর বিশ্বাস আছে যে ও পরের ম্যাচে ভালোভাবে ফিরে আসবে।’ বগুড়ার উইকেট সাধারণত ব্যাটারদের জন্য স্বর্গরাজ্য। তবে তালহা জুবায়ের মনে করেন, এমন উইকেটে বোলাররাই ব্যবধান গড়ে দেয়। প্রথম ম্যাচে অতিরিক্ত বাউন্ডারি বল দিয়ে ফেলার যে ঘাটতি ছিল, আজ সেন্ট্রাল জোনের বিপক্ষে তা কাটিয়ে ওঠার লক্ষ্য ইস্ট জোনের। মুমিনুল, শান্ত, লিটনদের মতো সিনিয়রদের ভিড়ে যারা পারফর্ম করবে তারাই টিকে থাকবে-এমনটাই মনে করেন এই কোচ।