ছাত্র দিয়ে এসএসসি খাতা মূল্যায়ন

দেবিদ্বারের আলোচিত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ছাত্র গ্রেপ্তার

ফন্ট সাইজ:

কুমিল্লার দেবিদ্বারে এসএসসি পরীক্ষার উত্তরপত্র নিজে মূল্যায়ন না করে এক ছাত্রকে দিয়ে মূল্যায়ন করানোর অভিযোগে এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও তার এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান। গ্রেপ্তারকৃতরা হলেন- দেবিদ্বার উপজেলার আব্দুল্লাহপুর হাজী আমির আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বাচ্চু মিয়া এবং একই বিদ্যালয়ের ছাত্র মেহেদী হাসান।

জানা গেছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, এসএসসি-২০২৬ সালের সাধারণ বিজ্ঞান বিষয়ের উত্তরপত্র পরীক্ষক নিজে মূল্যায়ন না করে তার বিদ্যালয়ের ছাত্র ও এসএসসি পরীক্ষার্থী মেহেদী হাসানকে দিয়ে মূল্যায়ন করাচ্ছেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের নজরে এলে দ্রুত তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মন্ত্রীর নির্দেশনার পর শনিবার কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক বাদী হয়ে দেবিদ্বার থানায় একটি মামলা দায়ের করেন। পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০ এর ১০, ১২ ও ১৩ ধারায় দায়ের করা মামলায় শিক্ষক মো. বাচ্চু মিয়া ও ছাত্র মেহেদী হাসানকে আসামি করা হয়।

পরে শনিবার রাতেই পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক বাদী হয়ে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেছেন। সেই মামলার ভিত্তিতে অভিযুক্ত শিক্ষক ও ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হয়েছে।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন