জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্যদিয়ে শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০২৬’ এর গ্র্যান্ড ফিনালে। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীর মুকুট জিতে নেন সামানজার সাঈদ। দেশের অন্যতম এই সৌন্দর্য প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন- স্বাগতা সাহা, আর দ্বিতীয় রানারআপ নির্বাচিত হন লাবিবা মানজুর। শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, বুদ্ধিমত্তা, নেতৃত্ব, আত্মবিশ্বাস, সামাজিক দায়বদ্ধতা এবং মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার অঙ্গীকারের ভিত্তিতে এবারের বিজয়ী নির্বাচন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। মুকুট জয়ের মাধ্যমে আগামী আগস্টে ভিয়েতনামে অনুষ্ঠিতব্য ‘৭৫তম মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সামানজার সাঈদ।
এবারের প্রতিযোগিতার সেরা পাঁচে ছিলেন- আয়শা রহমান, যুক্তা ভৌমিক, লাবিবা মানজুর, সামানজার সাঈদ এবং স্বাগতা সাহা। বিচারকদের মূল্যায়নে বিজয়ী হন সামানজার। এতে বিচারকের দায়িত্বে ছিলেন- শিরিন আক্তার শীলা, ইফা তাবাসসুম, রাফাহ নানজেবা তোরসা, মেহরিন আফরোজ চৌধুরী এবং শেখ সাইফুর রহমান। প্রতিযোগীদের আত্মবিশ্বাস, যোগাযোগ দক্ষতা, ব্যক্তিত্ব, মঞ্চে উপস্থিতি, সামাজিক সচেতনতা এবং ‘বিউটি উইথ অ্যা পারপাস’ দর্শনের সঙ্গে সামঞ্জস্য বিবেচনা করে ফলাফল নির্ধারণ করা হয়।
এদিকে, বিজয়ী সামানজার সাঈদ এখন থেকেই আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রস্তুতি শুরু করবেন। আগামী কয়েক সপ্তাহ তিনি ব্যক্তিত্ব উন্নয়ন, আন্তর্জাতিক উপস্থাপনা, সামাজিক উদ্যোগ এবং ‘বিউটি উইথ অ্যা পারপাস’র বিভিন্ন কার্যক্রমে অংশ নেবেন। আগামী ৯ই আগস্ট ভিয়েতনামের হো চি মিন সিটিতে শুরু হতে যাচ্ছে ৭৫তম মিস ওয়ার্ল্ডের মূল আসর। বিশ্বের বিভিন্ন দেশের সুন্দরীদের সঙ্গে বাংলাদেশের হয়ে সেখানে লড়বেন সামানজার। বিশ্বখ্যাত এই প্রতিযোগিতার চূড়ান্ত গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে আগামী ৫ই সেপ্টেম্বর।
