চলছে বিশ্বকাপ ফুটবলের জমজমাট আসর। আর এ উপলক্ষে নির্মিত হয়েছে ৭ পর্বের একটি ধারাবাহিক নাটক। যাতে অভিনয় করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তার সঙ্গে জুটি বেঁধেছেন এই প্রজন্মের অভিনেত্রী জেবা জান্নাত। পরিচালক তারিক মুহাম্মদ হাসান বিশ্বকাপ ফুটবল আয়োজনের মধ্যেই বৈশাখী টেলিভিশনের জন্য নির্মাণ করলেন ‘রেড কার্ড’ শিরোনামের এই ধারাবাহিক।
প্রতিদিন সন্ধ্যা ৬.৩০ মিনিটে বৈশাখী টিভি’র পর্দায় প্রচার হবে নাটকটি। প্রথম পর্ব প্রচার হবে আজ। এতে আরও অভিনয় করেছেন- শাওন আশরাফ, সুপ্ত, শহীদ উন নবী, মো. আশিকুজ্জামান, সেঁজুতি খন্দকার, তানভীর হাসান, জারা, আনোয়ার, লিজা খানমসহ অনেকেই। নাটকের গল্প প্রসঙ্গে পরিচালক তারিক মুহাম্মদ হাসান বলেন, এলাকার সুন্দরী ও ভাইরাল তরুণী জেবা। সে ভাইরাল এজন্য যে, জেবার প্রেমে পড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। জেবা হলো আর্জেন্টিনার সাপোর্টার।
তাই জেবার সঙ্গে এলাকার তরুণ আর্জেন্টিনার সাপোর্টার সবুজের সঙ্গে খুব ভালো সম্পর্ক। সবুজ যখন জানতে পারে যে জামাল ভূঁইয়া আজ জেবাদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে আসবে, তখন সবুজ একটা বিস্ফোরক তথ্য দেয় জেবাকে। জামাল ভূঁইয়া বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক হলেও সে ব্রাজিলের সাপোর্টার। এই তথ্য পেয়ে জেবা জামালের প্রস্তাব প্রত্যাখ্যান করে। এভাবেই এগিয়ে যায় গল্প।
