দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে ৩০ টন জরুরি ত্রাণ বিতরণের উদ্যোগ নিয়েছে মাস্তুল ফাউন্ডেশন। মানবিক এই কার্যক্রমের অংশ হিসেবে গত ১০ জুলাই ফাউন্ডেশনের ইমার্জেন্সি রেসপন্স টিম জরুরি ত্রাণসামগ্রী নিয়ে বন্যাকবলিত এলাকার উদ্দেশ্যে রওনা হয়।
প্রাথমিক পর্যায়ে চট্টগ্রামের বাঁশখালী হয়ে সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার দুর্গম বন্যাদুর্গত এলাকায় পৌঁছে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে জরুরি সহায়তা কার্যক্রম শুরু করেছে ফাউন্ডেশনটি। বন্যায় বিচ্ছিন্ন হয়ে পড়া পরিবারগুলোর কাছে পৌঁছে দেওয়া হচ্ছে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, জরুরি ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় ত্রাণসামগ্রী।
মাস্তুল ফাউন্ডেশনের ইমার্জেন্সি রেসপন্স টিমের সদস্য আশরাফুল আলম বলেন, "বন্যার কারণে অনেক মানুষ খাদ্য, নিরাপদ পানীয় পানি ও প্রাথমিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়ে মানবিক সংকটের মুখোমুখি হয়েছেন। আমরা দুর্গত এলাকায় পৌঁছে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে সহায়তা করছি। পাশাপাশি প্রাথমিকভাবে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, প্রয়োজনীয় ওষুধসহ জরুরি সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে, যাতে তারা এই সংকটময় সময়ে ন্যূনতম নিরাপত্তা ও সহায়তা পান।"
এ বিষয়ে মাস্তুল ফাউন্ডেশনের অতিরিক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আবু মোহাম্মদ কামরুজ্জামান বলেন, "আল্লাহর অশেষ রহমতে আমরা বন্যাদুর্গত মানুষের জন্য ৩০ টন জরুরি ত্রাণ বিতরণের উদ্যোগ নিয়েছি। আমাদের ইমার্জেন্সি রেসপন্স টিম ইতোমধ্যে দুর্গম এলাকায় কাজ শুরু করেছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজন অনুযায়ী ত্রাণ কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে। ইনশাআল্লাহ আমরা বন্যাকবলিত মানুষের পাশে থেকে তাদের কাছে জরুরি সহায়তা পৌঁছে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখব।"
মাস্তুল ফাউন্ডেশন অতীতেও দেশের বিভিন্ন দুর্যোগে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে। বিশেষ করে ২০২২ ও ২০২৪ সালের বন্যায় প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্য, বিশুদ্ধ পানি, চিকিৎসাসামগ্রী ও অন্যান্য জরুরি সহায়তা পৌঁছে দিয়ে ব্যাপক ভূমিকা পালন করে। সেই ধারাবাহিকতায় এবারের বন্যাতেও ক্ষতিগ্রস্ত মানুষের জীবন রক্ষায় দ্রুত ও কার্যকর ত্রাণ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে মাস্তুল ফাউন্ডেশন।
বন্যাদুর্গত মানুষের পাশে মাস্তুল ফাউন্ডেশন: ৩০ টন জরুরি ত্রাণ বিতরণের উদ্যোগ
মানবজমিন ডিজিটাল
অনলাইন
৪ ঘন্টা আগে
১২ জুলাই (রবিবার), ২০২৬, ৩ঃ৩৫ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
