স্পেনে ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু

স্পেনে ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু

ফন্ট সাইজ:

স্পেনের দক্ষিণাঞ্চলীয় আলমেরিয়া প্রদেশে ভয়াবহ এক দাবানলে ১২ জন নিহত হয়েছেন। আগুন নেভাতে অন্তত ১৫০ জন দমকলকর্মী কাজ করছেন। শুক্রবার ভোরে আন্দালুসিয়ার জরুরি সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আন্দালুসিয়া অঞ্চলের প্রেসিডেন্সি, স্বাস্থ্য ও জরুরি বিষয়ক মন্ত্রী আন্তোনিও সাঞ্জ এই আগুনকে তাদের অঞ্চলের ইতিহাসে এ যাবৎকালের সবচেয়ে বিধ্বংসী দাবানল হিসেবে উল্লেখ করেন।

তিনি বর্তমান পরিস্থিতিকে একটি নজিরবিহীন ট্র্যাজেডি বা দুর্যোগ বলেও বর্ণনা করেন। এর আগে এই দাবানলে ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। স্পেনের দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়া অঞ্চলের নেতা হুয়ানমা মোরেনো সামাজিক মাধ্যম এক্সে লেখেন, লস গ্যালার্দোসে যে ছয়জন প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা এবং আগুনে ক্ষতিগ্রস্ত পৌরসভাগুলোর প্রতি আমাদের সবার সহানুভূতি রয়েছে। লস গ্যালার্দোস মূলত আন্দালুসিয়ার আলমেরিয়া প্রদেশের একটি পৌরসভা।

চলতি সপ্তাহের শুরুর দিকে দক্ষিণ ফ্রান্সে অনিয়ন্ত্রিতভাবে জ্বলতে থাকা একটি দাবানলের কারণে স্পেন সীমান্তের কাছাকাছি প্রায় দুই ডজন ছোট শহর ও গ্রাম থেকে ১০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছিল। সেই ঘটনার পরপরই স্পেনে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। মে ও জুন মাসে পশ্চিম ইউরোপজুড়ে প্রাথমিক গ্রীষ্মকালীন তীব্র তাপপ্রবাহের কারণে বিশাল এলাকার জমি শুকিয়ে গেছে, যা এই বছর অঞ্চলটিকে দাবানলের প্রতি বিশেষভাবে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। বিশ্ব আবহাওয়া সংস্থা জানিয়েছে, ইউরোপ বৈশ্বিক গড় তাপমাত্রার চেয়ে দ্বিগুণেরও বেশি গতিতে উত্তপ্ত হচ্ছে, যার ফলে এই ধরণের দীর্ঘস্থায়ী তাপপ্রবাহের আশঙ্কা দিন দিন আরও বাড়ছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন