যুক্তরাষ্ট্রে খাবার সরবরাহের কাজ করার সময় দুর্বৃত্তদের গুলিতে নিহত বাংলাদেশী মাহফুজুল হকের জানাজা সম্পন্ন হয়েছে । স্থানীয় সময় বৃহস্পতিবার নর্থইস্ট ফিলাডেলফিয়ার টাইসন মসজিদে বাদ যোহর তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে পেনসিলভেনিয়া রাজ্যে বিভিন্ন এলাকা থেকে শত শত প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন বিপুল সংখ্যক মুসলিম কমিউনিটির লোকজন অংশগ্রহণ করেন । এতে ইমামতি করেন বিশিষ্ট ইসলামিক স্কলার ইমাম আবু জাফর । পরে তার মরদেহ দাফনের জন্য কানাডার ভ্যাঙ্কুভারে পাঠানো হয়।
সেখানে পরিবারের সদস্যদের পাশে তাকে দাফন করা হবে ।
ফিলাডেলফিয়া পুলিশের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় মঙ্গলবার রাতে ফিলাডেলফিয়ার কিংসেসিং এলাকায় ডেলিভারি দেয়ার সময় মোঃ মাহফুজুল হককে গুলি করে হত্যা করা হয়।
বাংলাদেশে একজন চক্ষু চিকিৎসক হিসেবে কর্মজীবন গড়ে তোলা ডা. মাহফুজুল হক উন্নত ভবিষ্যতের আশায় উত্তর আমেরিকায় পাড়ি দিয়েছিলেন । কানাডার নাগরিক হলেও পরিবারের ভবিষ্যৎ আরও সমৃদ্ধ করার লক্ষ্যে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করে বিভিন্ন পেশার পাশাপাশি ডোরড্যাশে খাবার সরবরাহের কাজও করছিলেন। তার স্ত্রীও চিকিৎসক; মাত্র আট মাস আগে যুক্তরাষ্ট্রে চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু করেন। তাদের ১৪ বছর বয়সী এক সন্তান রয়েছে। নিহত মাহফুজুল হকের বাড়ী রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ।
এদিকে, মাহফুজুলক হকের হত্যাকাণ্ডের পর প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মাদ ইসলাম আরিফ। তিনি জানান প্রবাসী অনেকে বিভিন্নভাবে ডেলিভারি কাজ করেন । এই পরিস্থিতিতে রাতের বেলায় খাবার ও পণ্য সরবরাহকারী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা উচিত । স্থানীয় কমিউনিটির নেতারা মাহফুজুল হকের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
