রাজধানীর বংশালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত এক, দগ্ধ এক

রাজধানীর বংশালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত এক, দগ্ধ এক

ফন্ট সাইজ:

রাজধানীর বংশাল থানার মুকিম বাজারের শিয়া গলি এলাকায় একটি মোটরসাইকেল পার্টসের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগে দোকান মালিক দেলোয়ার হোসেন (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় নাজমুল (৩৩) নামে আরও একজন দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে দগ্ধ অবস্থায় দু'জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দেলোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন। দগ্ধ নাজমুলকে ভর্তি করা হয়েছে।

আহতদের হাসপাতালে নিয়ে আসা মো. হামিদুল জানান, সকালে বংশালের মুকিম বাজারের শিয়া গলির মোটরসাইকেল পার্টসের দোকানটিতে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন লেগে যায়। এতে দোকানের মালিক দেলোয়ার হোসেন ও নাজমুল দগ্ধ হন। পরে দ্রুত তাদের ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক দেলোয়ারকে মৃত ঘোষণা করেন এবং নাজমুলকে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, নিহত দেলোয়ার হোসেনের গ্রামের বাড়ি যশোর জেলার শার্শা থানায়। তিনি আব্দুল খালেকের ছেলে। বর্তমানে তিনি বংশালের মুকিম বাজারের শিয়া গলি এলাকায় বসবাস করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে দেলোয়ারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন