জামায়াতের আমীর ও সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ বিশেষ করে যুব সমাজ ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে, কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিংএর মাধ্যমে ফলাফল পরিবর্তন করা হয়েছে। আগামী নির্বাচনে প্রতিটি ঘাটে শক্ত পাহারা দিব। জীবনের বিনিময়ে হলেও মানুষের ভোটের অধিকার রক্ষায় দাঁড়িয়ে যাব।
তিনি বলেন, আমরা সংসদে গিয়ে জনগণের পক্ষে কথা বলব এবং আপনাদের অধিকার আদায় করে ছাড়ব। ঢাকা-১৫ আসনকে একটা মডেল আসন হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। বুধবার জামায়াত কাফরুল উত্তর ও দক্ষিণ থানার উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশের মানুষ ৫৪ বছরে অনেক আদর্শ দেখেছে,কিন্তু ইসলামী আদর্শের শাসন দেখার সৌভাগ্য এদেশের মানুষের হয়নি। সরকারি দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অবিলম্বে চাঁদাবাজি বন্ধ করেন, তা না হলে দেশের মানুষকে সাথে নিয়ে দেশব্যাপী শক্ত প্রতিরোধ গড়ে তুলব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন। উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান মুসা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মোহাম্মদ তসলিম, মহানগর কর্মপরিষদ সদস্য মো. শহীদুল্লাহ,কাফরুল দক্ষিণ থানার আমীর উপাধ্যক্ষ মু. আনোয়ারুল করিম, কাফরুল উত্তর থানার আমীর মোঃ রেজাউল করিম, কাফরুল জোন টিম সদস্য মো. জসিমুদ্দিন, আলাউদ্দিন মোল্লা প্রমুখ।
আগামী নির্বাচনে প্রতিটি ঘাটে শক্ত পাহারা দিব: ডা. শফিকুর রহমান
স্টাফ রিপোর্টার
অনলাইন
৪ মাস আগে
২৫ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬, ৮ঃ৩৫ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

Abul Kashem
৪ মাস আগেজোর যার মুল্লুক তার নীতিতে চলছে বিশ্ব, চলছে আমাদের দেশও। যতই শক্ত পাহারা ততই শক্তি প্রয়োগ করা হয় যদি তাহলে পাহারায় কী লাভ। মানুষ, রাজনৈতিক দলের নেতাকর্মীরা, প্রশাসন অন্যায়কে জায়েজ করে দেয় স্থুল বা সুক্ষ্ম ভাবে। মনুষ্যত্ব ভূলন্ঠিত। আল্লাহর ভয়ও নেই। পরকালের জবাবদিহির উপলব্ধিও নেই। বিশ্ব চলছে জোরের উপর। আমরা বাদ যাব কেন?