ইরানের দক্ষিণাঞ্চলীয় বুশেহর প্রদেশে বৃহস্পতিবার (৮ জুলাই) ফের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশটির রাষ্ট্রীয় মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত দুইটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
তবে ঠিক কী কারণে সর্বশেষ এই বিস্ফোরণের ঘটনা ঘটল- সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
গত টানা দুইদিন ধরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। মঙ্গলবার রাতের পর বুধবারেও ইরানের বিভিন্ন শহরে ব্যাপক হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাতে দেশটির বুশেহর, চাবাহার, বন্দর আব্বাস, সিরিক, জাস্ক ও আবু মুসা দ্বীপসহ হরমুজ প্রণালি বরাবর শহরগুলোতে বিস্ফোরণের শব্দ শোনা গোছে।
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় ট্যাংকারে ইরানের হামলার প্রতিশোধ নিতে এসব হামলা চালানো হচ্ছে। যুক্তরাষ্ট্র দাবি করেছে, গত দুই দিনে ইরানে ১৭০টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এতে অন্তত ১৪ জন নিহত হয়েছে।
মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, গত মঙ্গলবার রাতে ৮০টি এবং বুধবার রাতে আরো ৯০টি টার্গেটে হামলা চালানো হয়েছে।
অন্যদিকে এসব হামলার জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে।
বুধবার মার্কিন হামলার কয়েক ঘণ্টা পর বাহরাইনে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। একইসঙ্গে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় রকেট ও ড্রোন হামলা ঠেকানোর কথা জানিয়েছে।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটির গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার দাবি করেছে। তারা বলেছে, আমেরিকার সাম্প্রতিক হামলার জবাব দিতেই পাল্টা হামলা চালানো হয়েছে।
দেশ দুইটির সর্বশেষ পাল্টাপাল্টি হামলায় ১৭ জুন স্বাক্ষরিত সমঝোতা স্মারককে স্থায়ী শান্তিচুক্তিতে রূপ দেয়ার আশা আরও ক্ষীণ হয়ে পড়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়।
বুধবার তুরস্কে ন্যাটো সম্মেলনে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়, সমঝোতা স্মারকটি কি এখন শেষ হয়ে গেছে? জবাবে তিনি বলেন, এটি খুবই আকর্ষণীয় প্রশ্ন। আমার কাছে মনে হয়, এটি শেষ। আমি তাদের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে চাই না। পরে তিনি আরও বলেন, ইরানের সঙ্গে যদি কোনো চুক্তিও করি, সেটি টিকবে কি না, আমি নিশ্চিত নই। আমি তাদের খুবই অসৎ মানুষ হিসেবে পেয়েছি।
