রাজধানীতে অটোরিকশা চালককে অজ্ঞান করে হত্যার ঘটনায় ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ওয়ারী থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলোÑ দেলোয়ার হোসেন ওরফে হৃদয় (৪০), মানিক সরদার (৫২) ও মো. লিটন (৫০)। গ্রেপ্তারকৃতরা অজ্ঞানপার্টি চক্রের সক্রিয় সদস্য। তারা যাত্রী সেজে চালকদের অজ্ঞান করে ছিনতাই করতো। বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
তিনি বলেন, ওয়ারী থানা সূত্রে জানা যায়, গত ২৮শে জুন রাত আনুমানিক ৯টায় খিলগাঁও থেকে রিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ হন চালক দিদারুল ইসলাম। পরদিন ২৯শে জুন রাত আনুমানিক ৪টায় স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ওয়ারী থানাধীন নবাবপুর রোড থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২রা জুলাই রাত ১০টায় মারা যান তিনি। এ ঘটনায় প্রথমে ওয়ারী থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়। মামলা রুজুর পর ওয়ারী থানা পুলিশের একটি টিম সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীদের শনাক্ত করে। বুধবার রাত আনুমানিক ৩টায় গাজীপুরের শ্রীপুর, ঢাকার কেরানীগঞ্জ ও ডিএমপি’র লালবাগ এলাকায় অভিযান চালিয়ে চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের হেফাজত হতে ছিনতাইকৃত অটোরিকশা ১টি, ছিনতাইয়ে ব্যবহৃত সিএনজি অটোরিকশা ১টি ও আসামিদের ব্যবহৃত মোবাইল ফোন ৩টি উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতরা অজ্ঞানপার্টি চক্রের সক্রিয় সদস্য। তারা যাত্রী সেজে চালকদের অজ্ঞান করে ছিনতাই করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
