কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উলিপুর পৌরসভার বলদিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বলদিপাড়া গ্রামের মৃত আব্দুল সামাদের ছেলে সাইদুর রহমান আবু সাঈদ (৭০) এবং তার স্ত্রী রাবেয়া বেগম (৬৫)। পুলিশ ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, গত মঙ্গলবার রাতের ঝড়-বৃষ্টিতে একটি বিদ্যুতের তার ছিঁড়ে বাড়ির টিনের বেড়ার ওপর পড়ে। এতে পুরো টিনের বেড়া বিদ্যুতায়িত হয়ে যায়। বিষয়টি পরিবারের সদস্যদের নজরে না আসায় বুধবার দুপুরে রাবেয়া পানি আনতে গিয়ে টিউবওয়েলের পাশে থাকা ওই টিনের বেড়ায় হাত দিলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় স্ত্রীকে উদ্ধার করতে ছুটে যান সাঈদ।
স্ত্রীকে ছাড়িয়ে আনার চেষ্টা করলে তিনিও বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করলেও ততক্ষণে দু’জনেরই মৃত্যু হয়। উলিপুর থানার ওসি সাঈদ ইবনে সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
