কর্ণফুলী টানেলে প্রাইভেটকারের ধাক্কা, ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ লাইন ও ডেকোরেটিভ বোর্ড

কর্ণফুলী টানেলে প্রাইভেটকারের ধাক্কা, ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ লাইন ও ডেকোরেটিভ বোর্ড

ফন্ট সাইজ:

চট্টগ্রামের কর্ণফুলী টানেলের ভেতরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার দেয়ালে ধাক্কা দিলে টানেলের সাজসজ্জার বোর্ড ও বিদ্যুৎ সরবরাহ লাইনের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার পর সাময়িকভাবে টানেলের বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলেও অল্প সময়ের মধ্যেই তা পুনরুদ্ধার করা হয়। মঙ্গলবার রাতে আনোয়ারা প্রান্ত থেকে পতেঙ্গামুখী টিউবে এ দুর্ঘটনা ঘটে।

টানেল কর্তৃপক্ষের তথ্যমতে, আনোয়ারা প্রান্ত থেকে পতেঙ্গার দিকে যাচ্ছিল একটি প্রাইভেটকার। টানেলের ভেতরে অতিরিক্ত গতির কারণে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারালে সেটি একপাশের দেয়ালে সজোরে আঘাত করে। পরে গাড়িটি দেয়ালঘেঁষে আরও কিছুদূর এগিয়ে যায়। এতে প্রায় ১৫ ফুট দীর্ঘ ডেকোরেটিভ বোর্ড এবং বিদ্যুৎ সরবরাহ লাইনের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর নিরাপত্তাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি উদ্ধার করে টোল প্লাজায় নিয়ে যান। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় টানেলে কয়েক মিনিটের জন্য আলো নিভে যায়।

পরে প্রকৌশলীরা দ্রুত মেরামত কাজ শেষ করলে প্রায় ১০ মিনিটের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। কর্ণফুলী টানেলের টোল ইনচার্জ লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ ফারুক বলেন, দুর্ঘটনায় কেউ আহত হননি। ক্ষতিগ্রস্ত গাড়িটি জব্দ করা হয়েছে। ঘটনার কারণ খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন