রায়পুরায় হামলার শিকার পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু

ফন্ট সাইজ:

নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলস্টেশনে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত বাকপ্রতিবন্ধী ও পরিচ্ছন্নতাকর্মী ববি বেগম (৭০) মারা গেছেন। গতকাল দিবাগত রাত আনুমানিক ১টার দিকে তার মৃত্যু হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা। স্থানীয় লোকজন জানায়, গত ৪ঠা জুলাই গভীর রাতে একদল দুর্বৃত্ত মেথিকান্দা রেলস্টেশনের একটি কক্ষে ঢুকে ববি বেগমের ওপর হামলা চালায়।

এ সময় তাকে মারধর করে তার দীর্ঘদিনের জমানো প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। পরে স্টেশনের কর্মীরা তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আবার স্টেশনে ফিরিয়ে আনা হয়। এরপর কিছুটা সুস্থ থাকলেও বুধবার রাতে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাকে প্রথমে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে রেফার করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই রাত আনুমানিক ১টায় এম্বুলেন্সে তার মৃত্যু হয়।

জানা যায়, প্রায় ২৫ বছর ধরে ববি মেথিকান্দা রেলস্টেশনে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। সেই অসহায় নারীর ওপর নৃশংস হামলা এবং পরবর্তীতে মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন