গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আনসার টেপিরবাড়ী এলাকার কালার অ্যান্ড কোং লিমিটেড পোশাক কারখানায় টানা দুইদিনে শতাধিক শ্রমিক রহস্যজনকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। গত মঙ্গলবার প্রায় শতাধিক এবং বুধবার সকাল পর্যন্ত আরও ৩৫ জন শ্রমিক বুকে ব্যথা, মাথা ঘোরা, পেটে ব্যথা ও বমি বমি ভাবের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নেন। অসুস্থ শ্রমিকদের মধ্যে অনেককে মাওনা চৌরাস্তার আল-হেরা হাসপাতালসহ আশপাশের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়।
আল-হেরা হাসপাতালের চিকিৎসক ডা. হুমায়ুন কবির জানান, তাদের হাসপাতালেই উল্লেখযোগ্যসংখ্যক শ্রমিক চিকিৎসা নিয়েছেন। এদিকে ঘটনাকে কেন্দ্র করে কারখানা এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। কারখানা কর্তৃপক্ষের বক্তব্যে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। কারখানার জেনারেল ম্যানেজার (জিএম) সঞ্জীব বলেন, শ্রমিকদের ওপর জিনের আছর হতে পারে। এজন্য কারখানায় ইমাম এনে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে। তবে শ্রমিকরা এ ব্যাখ্যা প্রত্যাখ্যান করেছেন। শ্রমিক আশিক নুর বলেন, আমরা কুসংস্কারের ব্যাখ্যা চাই না।
কেন বারবার শ্রমিক অসুস্থ হচ্ছেন, তার প্রকৃত কারণ জানতে চাই। নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। শ্রীপুর থানার ওসি মো. শাহীনুর আলম বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অসুস্থতার প্রকৃত কারণ উদ্ঘাটনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
