রাশিয়ার হয়ে লড়তে ইউক্রেন সীমান্তে ‘বিচ্ছিন্ন’ দুই বাংলাদেশি

রাশিয়ার হয়ে লড়তে ইউক্রেন সীমান্তে ‘বিচ্ছিন্ন’ দুই বাংলাদেশি

ফন্ট সাইজ:

ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা (এইচইউআর) দাবি করেছে, রাশিয়ার বাহিনীতে যোগ দিয়ে ইউক্রেনের খারকিভ অঞ্চলে যুদ্ধ করছেন বাংলাদেশের দুই নাগরিক। এ দাবির পক্ষে একটি আড়িপাতা কথোপকথনের অডিওও প্রকাশ করেছে সংস্থাটি। সোমবার (৭ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা জানায়, প্রকাশিত অডিওতে এক রুশ সেনাসদস্য দুই বাংলাদেশি ব্যক্তির কথা উল্লেখ করেছেন, যারা নিজেদের ইউনিট থেকে বিচ্ছিন্ন হয়ে ফ্রন্টলাইনের কাছে একটি বনাঞ্চলে ঘুরে বেড়াচ্ছিলেন। প্রকাশিত অডিওতে ওই রুশ সেনাকে বলতে শোনা যায়, দুই বাংলাদেশি নিজেদের কল সাইন (সামরিক পরিচয় সংকেত) জানতেন না এবং তারা কোন ইউনিটের সদস্য, সেটিও বলতে পারছিলেন না। রুশ সেনার কথায়, তারা কিছুই জানে না।

নিজেদের কল সাইনও জানে না। তারা বাংলাদেশ থেকে এসেছে- দুজন। একজনের নাম সম্ভবত রুবি, আরেকজন মোইসেল। তারা আমাকে একটি ব্যাজ দেখিয়েছে, যেখানে বাঘের প্রতীক এবং ‘৬ষ্ঠ অ্যাসল্ট’ লেখা ছিল। তারা তিন দিন ধরে পথ হারিয়ে ঘুরে বেড়াচ্ছিল। ইউক্রেনের গোয়েন্দা সংস্থা জানায়, ওই দুই ব্যক্তি যে কাঁধের ব্যাজ দেখিয়েছিলেন, তাতে বাঘের প্রতীক এবং “৬ষ্ঠ অ্যাসল্ট” লেখা ছিল। তবে তারা কীভাবে রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দিয়েছেন বা কোন প্রক্রিয়ায় নিয়োগ পেয়েছেন, সে বিষয়ে সংস্থাটি কোনো বিস্তারিত তথ্য দেয়নি।

এইচইউআরের দাবি, এই আড়িপাতা কথোপকথন প্রমাণ করে যে যুদ্ধক্ষেত্রে নিজেদের ক্ষয়ক্ষতি পূরণ করতে রাশিয়া এখনো বিদেশি নাগরিকদের সেনাবাহিনীতে নিয়োগ দিচ্ছে। এর আগে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছিল, রাশিয়ার পক্ষে যুদ্ধ করা বিদেশি নাগরিকদের অনেককেই ইউক্রেনের সঙ্গে বন্দি বিনিময়ের আওতায় আনা হয় না। ফলে আটক হওয়া বিদেশি যোদ্ধাদের দীর্ঘ সময় বন্দি অবস্থায় থাকতে হচ্ছে। তবে ইউক্রেনের এসব দাবি এবং প্রকাশিত অডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। রাশিয়াও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

তথ্যসূত্র: ইউনাইটেড২৪

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন