বিশ্বকাপে আর্জেন্টিনার শেষ দু’টি ম্যাচে স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার করতে গিয়ে বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন জনপ্রিয় মার্কিন ইউটিউবার ও লাইভ স্ট্রিমার আইশোস্পিড। ঘটনাগুলোকে কেন্দ্র করে তদন্ত শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। মিশরের বিপক্ষে আর্জেন্টিনার রোমাঞ্চকর জয়ের পর স্টেডিয়ামে স্পিডের সম্প্রচারস্থলের ওপরে বসা এক সমর্থক তার দিকে বানরের অঙ্গভঙ্গি করেন। এ সময় আশপাশের আরও কয়েকজন সমর্থক তাকে লক্ষ্য করে অপমানজনক মন্তব্য করেন। এর আগে, কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ চলাকালেও এক সমর্থক স্প্যানিশ ভাষায় স্পিডকে উদ্দেশ্য করে বলেন, ‘চিড়িয়াখানায় গিয়ে কাঁদো।’ এই মন্তব্যকেও বর্ণবাদী বলে মনে করা হচ্ছে।
স্পিড বিশ্বের অন্যতম জনপ্রিয় লাইভ স্ট্রিমার। ইউটিউব ও অন্যান্য সামাজিক মাধ্যমে তার বিপুল অনুসারী রয়েছে। কৃষ্ণাঙ্গ এই মার্কিন কনটেন্ট ক্রিয়েটর পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর বড় সমর্থক হিসেবে পরিচিত। রোনালদো ও লিওনেল মেসির দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা ঘিরে ফুটবলভক্তদের অনলাইন সংস্কৃতিতেও তিনি পরিচিত মুখ। মিশর-আর্জেন্টিনা ম্যাচের আগেই ফিফা এক বিবৃতিতে জানায়, তারা ঘটনাগুলোর তদন্ত শুরু করেছে। ফিফা তাদের বিবৃতিতে বলেছে, ‘ফিফা সব ধরনের বর্ণবাদ, বিদ্বেষ ও বৈষম্যের তীব্র নিন্দা জানায়। ফুটবল, ফিফা বিশ্বকাপ কিংবা সমাজের কোথাও এসব আচরণের স্থান নেই।’ সংস্থাটি আরও জানায়, ‘ফিফা বিশ্বকাপ ঐক্য, বৈচিত্র্য ও পারস্পরিক শ্রদ্ধার উদ্যাপন। বিশ্বের বিভিন্ন দেশ, সংস্কৃতি ও মানুষের মিলনমেলা এই আসর। যারা এই মূল্যবোধকে ক্ষুণ্ন করে, তাদের আমাদের খেলায় কোনো স্থান নেই।’ বর্তমান বিশ্বকাপে ফক্স স্পোর্টসের সঙ্গে অংশীদারিত্বে স্টেডিয়াম থেকেই নিজের ‘আইআরএল লাইভ স্ট্রিম করছেন স্পিড। এর আগে তার সম্প্রচারে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন। বিভিন্ন ফুটবল টুর্নামেন্ট ও সম্প্রচার প্রতিষ্ঠানের সঙ্গেও কাজ করেছেন তিনি। তবে আর্জেন্টিনার সমর্থকদের এই দুই ঘটনার বিষয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি আইশোস্পিড।
ফিফার কড়া পদক্ষেপ
বিশ্বকাপে বর্ণবাদের শিকার ইউটিউবার
স্পোর্টস ডেস্ক
খেলা
২ ঘন্টা আগে
৮ জুলাই (বুধবার), ২০২৬, ৭ঃ২৯ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
