অলিম্পিকে ফিরছে রাশিয়া

অলিম্পিকে ফিরছে রাশিয়া

ফন্ট সাইজ:

তিন বছরের পর রাশিয়ার অলিম্পিক কমিটির ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। ৭ই জুলাই ঘোষিত এই সিদ্ধান্তের ফলে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে অংম নেয়ার পথ খুলেছে রাশিয়ার। ২০২২ সালে ইউক্রেনে সামরিক আক্রমণের পর দখলকৃত অঞ্চলগুলোতে আঞ্চলিক অলিম্পিক কাউন্সিল গঠন করে অলিম্পিক সনদ লঙ্ঘনের কারণে ২০২৩ সালে রাশিয়াকে বরখাস্ত করে আইওসি।
সংস্থাটির পর্যালোচনায় দেখা গেছে, রাশিয়া সেই কাঠামো সংশোধন করেছে। ফলে স্থগিতাদেশ উঠে গেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘এটি আমাদের ক্রীড়াবিদদের আন্তর্জাতিক প্রতিযোগিতায় ন্যায্য অধিকার পুনরুদ্ধারের দিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’ রাশিয়ার ক্রীড়ামন্ত্রী মিখাইল দেগতিয়ারেভ বলেন, ‘অলিম্পিক পরিবারে আমাদের প্রত্যাবর্তন আন্তর্জাতিক ফেডারেশনগুলোর জন্য সবুজ সংকেত।’ তবে জাতীয় পতাকা ও সংগীত ব্যবহারের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ডোপিং পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শর্তও বহাল থাকছে।
২০২১ টোকিও অলিম্পিকে রাশিয়া তিনশোর বেশি ক্রীড়াবিদ পাঠিয়ে ৭১টি পদক জিতেছিল। অথচ ২০২৪ প্যারিস অলিম্পিকে মাত্র ৩২ জন নিরপেক্ষ পরিচয়ে অংশ নিতে পেরেছিলেন। তবে আইওসির এই নির্দেশনা সব ফেডারেশনের জন্য বাধ্যতামূলক নয়। বিশ্ব অ্যাথলেটিক্স জানিয়েছে, তারা এই পথে হাঁটবে না। ফিফাও বলেছে, সিদ্ধান্ত বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ নেবে। ইউরো ২০২৮ বা ভবিষ্যৎ বিশ্বকাপে রাশিয়ার প্রত্যাবর্তনের কোনো ইঙ্গিত এখনো নেই। আগামী ৩১শে অক্টোবর সেনেগালের দাকারে ২০২৬ ইউথ সামার গেমস শুরু হচ্ছে। সেখানে রাশিয়ার পরিচয়ে অংশগ্রহণ করবে দেশটির ক্রীড়াবিদরা।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন