মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সরকারিভাবে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ বা আর্থিক লেনদেন না করতে মালয়েশিয়া গমনেচ্ছু কর্মী এবং সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্টদের সতর্ক করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
বুধবার মন্ত্রণালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়ায় কর্মী প্রেরণের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত কোনো ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকতে হবে। একই সঙ্গে কর্মী প্রেরণ প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগে কোনো ধরনের মেডিকেল পরীক্ষা করানো বা এ বাবদ অর্থ প্রদান না করারও নির্দেশনা দেওয়া হয়েছে।
রিক্রুটিং এজেন্টদের উদ্দেশে বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশের আগে কোনো এজেন্সি মালয়েশিয়াগামী কর্মীদের সঙ্গে কোনো ধরনের চুক্তি করতে পারবে না। পাশাপাশি পাসপোর্ট সংগ্রহ, মেডিকেল পরীক্ষা এবং কোনো ধরনের আর্থিক লেনদেন থেকেও বিরত থাকার জন্য কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।
মন্ত্রণালয় জানায়, মালয়েশিয়া গমন বা এ-সংক্রান্ত যেকোনো অভিযোগ কিংবা তথ্যের জন্য দেশের ভেতর থেকে প্রবাসী কল সেন্টারের ১৬১৩৫ নম্বরে এবং বিদেশ থেকে +৮৮০৯৬১০১০২০৩০ নম্বরে যোগাযোগ করা যাবে।
এছাড়া মালয়েশিয়া-সংক্রান্ত বিষয়ের ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. হেদায়েতুল ইসলাম মন্ডলের সঙ্গে টেলিফোন ০২-৪১০৩০২৪১, ই-মেইল [email protected] অথবা মোবাইল ০১৭১৬-০৪৮১১৫ নম্বরে সরাসরি যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।

Mohammad Harun Rashid
৫৩ মিনিট আগেসতর্ক করলেই রিক্রুটিং এজেন্সি গুলো ভালো হয়ে যাবে? এই সেক্টরের রন্ধ্রে রন্ধ্রে দূর্নীতি বাসা বেঁধেছে। বহু বছর ধরে বিদেশে গমনকারী গরীব মানুষের রক্ত চুষে খাচ্ছে!