আর্জেন্টিনা-মিশরের খেলা দেখা যাবে না ঢাবির বড় পর্দায়

আর্জেন্টিনা-মিশরের খেলা দেখা যাবে না ঢাবির বড় পর্দায়

ফন্ট সাইজ:

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ম্যাচ সম্প্রচার আজ বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের ৫টি স্থানে খেলা দেখার সুযোগ পেতেন দর্শকরা। আজ রয়েছে রাত ১০টায় আর্জেন্টিনা বনাম মিশরের খেলা। বৈরী আবহাওয়ার কারণে সাময়িকভাবে বন্ধ থাকবে খেলা সম্প্রচার। আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলার দিনে উপচে পড়া ভিড় দেখা যায় ক্যাম্পাসে।

ঢাবি শাখা ছাত্রদলের ক্রীড়া সম্পাদক মো. সাইফ উল্লাহ ও অ্যাথলেট স্পোর্টস গিয়ারের সিইও মো. সেজান মাহমুদের পক্ষ থেকে সাংবাদিকদের কাছে পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক সহযোগিতায় অ্যাথলেট স্পোর্টস গিয়ার কর্তৃক টিএসসি, হাজী মুহম্মদ মুহসীন হল খেলার মাঠ, কবি জসীমউদ্দীন হল খেলার মাঠ, জগন্নাথ হল উপাসনালয় ও ড. মুহম্মদ শহীদুল্লাহ হল খেলার মাঠ—এই পাঁচটি ভেন্যুতে বিশ্বকাপ ম্যাচ সম্প্রচারের আয়োজন করা হয়েছিল। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সম্প্রচার বন্ধ থাকবে। আগামীকাল (বুধবার) থেকে আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় সব ভেন্যুতে ম্যাচ সম্প্রচার করা হবে।

প্রসঙ্গত, বিশ্বকাপের শুরু থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, হাজী মুহম্মদ মুহসীন হল খেলার মাঠ, কবি জসীমউদ্দীন হল খেলার মাঠ, জগন্নাথ হল উপাসনালয় ও ড. মুহম্মদ শহীদুল্লাহ হল খেলার মাঠ- এই পাঁচটি ভেন্যুতে প্রতিদিন ম্যাচ সম্প্রচার করা হচ্ছে। প্রতিটি ম্যাচেই বিপুল জনসমাগম হচ্ছে এবং হাই ভোল্টেজ ম্যাচগুলোতে উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন