সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার পর সমাবেশে বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় যুবলীগের দুই নেতা–কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দিবাগত রাত দুইটার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন-মানিকগঞ্জের সিংগাইর থানা এলাকার পূর্ব ভাকুম গ্রামের মো. নুরুল ইসলাম (৫২) ও সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লার মো. সজীব (৩২)।
এর আগে গতকাল সোমবার দিবাগত রাতে এনসিপির ঢাকা জেলা উত্তরের সদস্যসচিব মো. সালামত উল্লাহ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলাটি করেন।
ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (উত্তর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বলেন, সোমবার দিবাগত রাত দুইটার দিকে সাভারের আনন্দপুর থেকে দুজনকে আটক করা হয়। তাদের মধ্যে নুরুল ইসলাম সিংগাইর থানার একটি ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সজীব সাভার যুবলীগের কর্মী।’
