শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ

ফন্ট সাইজ:

গাজীপুরের শ্রীপুর উপজেলায় কালার অ্যান্ড কোং লিমিটেড পোশাক কারখানার অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটেছে। কারখানার পঞ্চম তলায় সুইং সেকশনের এক নারী শ্রমিক মাথা ঘুরে ফ্লোরে পড়ে যান। এ সময় একে একে আরও কয়েকজন বমি শুরু করেন এবং মাথা ঘুরে পড়ে গেলে কর্মরত শ্রমিকদের মাঝে আতঙ্কে ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।

কারখানার শ্রমিকেরা জানান, কারখানার পঞ্চম তলায় নারী শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কী কারণে শ্রমিকেরা অসুস্থ হচ্ছে তা কেউ বলতে পারেনি।

শ্রমিকেরা আরো বলেন, হঠাৎ তাদের এক নারী সহকর্মী অসুস্থ হয়ে পড়ে। পরে একে একে অন্যান্য শ্রমিকেরা বমি বমি করাসহ মাথা ঘোরা শুরু হয়। অনেকে চিৎকার শুরু করলে কারখানার অন্যান্য শ্রমিকেরা ভয়ে আতঙ্কিত হয়ে দ্রুত ফ্লোর থেকে নিচে অ্যাসেম্বলী পয়েন্টে গিয়ে অবস্থান নেন। এসময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে অনেক শ্রমিক আহত হন।

কালার এন্ড কোং লিমিটেড পোশাক কারখানার প্রশাসনিক কর্মকর্তা সঞ্জীব কুমার দে বলেন, অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে কারখানার ব্যবস্থাপনায় মাওনা চৌরাস্তা আলহেরা হাসপাতালের পাঠিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে। আজকের জন্য কারখানা ছুটি দেয়া হয়েছে কি’না এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের পক্ষ থেকে ছুটি দেয়া হয়নি। শ্রমিকেরা তাদের মতো করে নিজে থেকেই কারখানা থেকে বের হয়ে গেছেন।’

মাওনা চৌরাস্তা আলহেরা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. আবুল হোসাইন সাংবাদিকদের বলেন, ‘হাসপাতালে অর্ধশতাধিক শ্রমিককে চিকিৎসা দেয়া হচ্ছে। অসুস্থ শ্রমিকদের মধ্যে পেটে ব্যাথা, বমি ও মাথা ঘোরা লক্ষণ দেখা যাচ্ছে। তাদের মধ্যে বেশির ভাগই নারী শ্রমিক।’

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঁইয়া বলেন, ‘বিষয়টি জানতে পেরে শ্রমিকদের সব ধরনের চিকিৎসা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন